কলেরা পৌঁছে গেছে হাইতির রাজধানীতে, মৃতের সংখ্যা বেড়ে ২০৮
হাইতির মধ্যাঞ্চলে মহামারি আকারে দেখা দেওয়া কলেরায় এ পর্যন্ত কমপক্ষে ২০৮ জন মারা গেছে। তা ছাড়া এ রোগে আক্রান্ত হয়ে আড়াই হাজারেরও অধিক মানুষ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। হাইতির কর্মকর্তারা মনে করছেন, আর্টিবোনেট নদীর দূষিত পানি পান করেই এ অঞ্চলে কলেরার প্রাদুর্ভাব মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। হাইতির কলেরা-আক্রান্ত অঞ্চলের হাসপাতালগুলোতে এখন তিলধারণেরও জায়গা নেই। হাসপাতালগুলোয় কলেরা-আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় অনেকেই শহরের বিভিন্ন ক্লিনিকে ছুটছেন।হাইতির মধ্যাঞ্চল থেকে কলেরা পৌঁছে গেছে রাজধানী পোর্ট অ প্রিন্সে। সেখানে কমপক্ষে পাঁচজন কলেরা-আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করেছে কর্তৃপক্ষ। তাদের দ্রুত চিহ্নিত করে আলাদাভাবে চিকিত্সা দেওয়া হচ্ছে।দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা গতকালই এ খবর নিশ্চিত করছেন। তবে হাইতিতে কর্মরত জাতিসংঘের একজন মুখপাত্র জানিয়েছেন, এই রোগীরা আক্রান্ত মধ্যাঞ্চল ভ্রমণ করে রাজধানীতে এসেছেন। রাজধানী পোর্ট অ প্রিন্সে কলেরা-আক্রান্ত রোগী চিহ্নিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সেখানকার মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে বলে বিবিসি জানিয়েছে। হাইতির স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা করছেন, রাজধানী পোর্ট অ প্রিন্সের ভূমিকম্প-দুর্গত শত শত শিবিরে কলেরা ছড়িয়ে পড়লে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করবে এবং মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।এদিকে দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কলেরা যাতে হাইতির আর্টিবোনিট ও মধ্য প্লেতিউ থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়তে না পারে, সে লক্ষ্যে তাঁরা কাজ করে যাচ্ছেন। —বিবিসি, আল জাজিরা।