৬৪তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে কলেরা বিষয়ে বাংলাদেশের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পাস হয়েছে। বাংলাদেশের কোনো প্রস্তাব এই প্রথম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে পাস হলো।গতকাল সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত সম্মেলনে ‘কলেরা: ম্যাকানিজম ফর কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ শীর্ষক এই প্রস্তাব পাস হয়। ১৬ মে শুরু হওয়া এই সম্মেলন শেষ হচ্ছে আজ ২৪ মে।গতকাল বেলা ১১টায় বাংলাদেশের প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। মাঝে এক ঘণ্টার বিরতি দিয়ে বেলা সাড়ে তিনটায় প্রস্তাবটি পাস হয়। ৩০টি দেশ আলোচনায় অংশ নেয়। কোনো দেশই বিরোধিতা করেনি। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পাপুয়া নিউগিনি কিছু সংশোধনীর প্রস্তাব দেয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) আবুল কালাম আজাদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিকুল ইসলাম এবং বাংলাদেশ দূতাবাসের পক্ষে কাজী ফায়েজ মোর্শেদ উপস্থিত ছিলেন।সম্মেলনে বাংলাদেশের পক্ষে বলা হয়, নিরাপদ পানি ও পয়োনিষ্কাশনের পরিপূরক হিসেবে কাজ করবে কলেরার টিকা।গত বছরের মে মাসে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ এই প্রস্তাব উত্থাপন করে। আর এই সময়ের মধ্যে সংস্থার সচিবালয় কলেরাবিষয়ক প্রস্তাব ঘষামাজা করে সদস্যরাষ্ট্রগুলোর কাছে পাঠায়।বাংলাদেশের এই প্রস্তাবের ফলে কলেরা নিয়ন্ত্রণের বিষয়ে যে আন্তর্জাতিক টাস্কফোর্স ছিল, তা আরও শক্তিশালী হবে। প্রস্তাবের ওপর ভিত্তি করে আগামী বছর অনুষ্ঠেয় ৬৫তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বিশ্বের কলেরা পরিস্থিতি এবং কলেরা প্রতিরোধে কোন দেশ, কী পদক্ষেপ নিয়েছে, সে সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করা হবে।