স্বাধীনতার ৪০ বছরে নানা প্রতিকূলতার মধ্যেও দেশকে নানাভাবে সম্মানিত করেছেন বিজ্ঞানীরা। বিশেষ করে, কৃষি খাতে আমাদের বিজ্ঞানীদের অবদানে দেশে খাদ্য উৎপাদন কয়েক গুণ বেড়েছে।এবার এমনই এক গুরুত্বপূর্ণ আবিষ্কারে শামিল হয়েছেন আমাদের অণুজীববিজ্ঞানীরা। আণবিক জীববিজ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশি বিজ্ঞানীদের অর্জন এই ২০১০ সালে বেশ প্রশংসিত হয়েছে। পাটের জিনোম সিকুয়েন্সিং সম্পন্ন করার সংবাদের পর দেশের জন্য আরও একটি ভালো অর্জন নিয়ে এলেন বিজ্ঞানীরা। তাঁদের এই আবিষ্কারের ফলে কী কারণে কলেরা রোগের প্রাদুর্ভাব দেখা দেয় তা জানা গেছে। আশা করা হচ্ছে, এর ফলে কলেরা রোগের প্রতিষেধক খুঁজে পাওয়া সহজ হবে।আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মলিকুলার জেনেটিকস বিভাগের প্রধান শাহ্ এম ফারুক এবং তাঁর সহকর্মী বিজ্ঞানীরা গুরুতর ধরনের কলেরা সৃষ্টিকারী জীবাণু যে প্রক্রিয়ায় ভয়াবহ রূপ ধারণ করে জনস্বাস্থ্যে বিপর্যয় ডেকে আনে, তা আবিষ্কার করেছেন। জৈবিক প্রক্রিয়ায় আপাতনিরীহ একটি জীবাণু মারাত্মক ডায়রিয়ার কারণ হয়ে দাঁড়ায়। সাধারণত যাকে কলেরা বলা হয়। এই রোগে সারা বিশ্বের, বিশেষত বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলোতে প্রতিবছর অনেক লোক মারা যায়। বিশ্বের গরিব দেশগুলোতে কলেরা একটি বড় স্বাস্থ্যসমস্যা। একসময় এ দেশে কলেরার মহামারি ঠেকানোর জন্য বিশেষ দেবীর পূজা করা হতো। সাম্প্রতিক কালে হাইতির কলেরা প্রকোপ সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। ড. ফারুক ও তাঁর সহকর্মীদের এই আবিষ্কারের ফলে কলেরার জন্য দায়ী ব্যাকটেরিয়া ও ভাইরাসগুলোর গতিপ্রকৃতি বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতা কলেরা ভ্যাকসিন উদ্ভাবনের কাজে লাগানো যাবে। সরবরাহের পানিসহ ভূপৃষ্ঠের ওপর যেকোনো পানির পরীক্ষা করে তা পান ও ব্যবহারের পূর্ব সতর্কবার্তাও দেওয়া সম্ভব হবে।গবেষণার ফল বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্রের আণবিক বংশগতিবিদ্যা বিভাগের শাহ্ এম ফারুক এ গবেষণা পরিচালনা করেন। তাঁকে সহযোগিতা করেন বোস্টনের হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষক জন ম্যাকালেনোস।এই বিজ্ঞানী দল গবেষণা করে দেখেছেন, কলেরার ব্যাকটেরিয়াগুলো কিছু ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে এক ধরনের বিষাক্ত দ্রব্য তৈরিতে সক্ষম হয়ে ওঠে, পরিপাকতন্ত্রের কোষের সঙ্গে পারস্পরিক বিক্রিয়ার ফলে প্রচুর পানি ও খনিজ লবণ নিঃসৃত করে। কোনো মানুষের শরীরে এই লক্ষণ দেখা দিলে তাকে ডায়রিয়া বলা হয়, বলেন বিজ্ঞানী শাহ্ এম ফারুক। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের এই রোগ সম্পর্কে জানা আছে। এই প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের ভাইরাসের বিক্রিয়ার ফলে কলেরার জীবাণু ভয়াবহ রূপ ধারণ করে। ‘টিএলসি ফাজ’ নামের যে নতুন ভাইরাস এই গবেষক দল চিহ্নিত করেছে, তাতে এই সমস্যার সমাধান পাওয়া গেছে। এসব ভাইরাসের মাধ্যমে কলেরা সৃষ্টিকারী ব্যাকটেরিয়া প্রাকৃতিকভাবে খবর পায়, কী করে মানুষের পরিপাকতন্ত্রের মতো বিরূপ জায়গায় আশ্রয় নিয়ে তাদের বেঁচে থাকতে হবে।শাহ্ এম ফারুক বলেন, ‘আমরা টিএলসি ফাজ আবিষ্কার করে তাদের গতিপ্রকৃতি নির্ণয় করেছি, কী করে কিছুটা সূক্ষ্ম হলেও কলেরা ব্যাকটেরিয়ায় ক্রোমোজোমসংক্রান্ত পরিবর্তন ঘটায়। এই সূক্ষ্ম ও জটিল পরিবর্তন নতুনভাবে আসা বিষাক্ত জেনোমকে জায়গা করে দেয়। এর ফলেই ভিব্রিও কলেরি নামের আপাতনিরীহ কলেরার জীবাণু ভয়াবহ প্রাণঘাতী রূপ ধারণ করে।’শাহ্ এম ফারুক এবং তাঁর সহকর্মীরা দেখিয়েছেন, কলেরা ব্যাকটেরিয়া কীভাবে কী ধরনের সিকুয়েন্সিংয়ের পরিবর্তন ঘটায় এবং ক্ষতিকর কলেরা রোগ সৃষ্টি করে। তিনি বলেন, ‘আমরা আশা করি আমাদের গবেষণার ফলাফল মানুষের জীবন রক্ষায় সহায়ক হবে।’ ঁতিনি আশা করেন, এই গবেষণার ফল বিশ্বের কলেরা রোগীদের স্বাস্থ্যরক্ষায় অনেক বড় অবদান রাখতে সাহায্য করবে।তারিকুর রহমান খান