কলোরাডোর দাবানলে ঘর ছেড়েছে ১১ হাজার
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল প্রায় ১১ হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছে। গত শনিবার থেকে শুরু হওয়া এই দাবানল প্রায় আড়াই হাজার একর (এক হাজার ১২ হেক্টর) জায়গায় ছড়িয়ে পড়ায় এসব এলাকার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয় বলে রয়টার্সের খবরে জানানো হয়।কর্মকর্তারা জানান, গত শনিবার পাইক ন্যাশনাল ফরেস্টে আগুন লেগে তা দাবানলে রূপ নেয়। গতকাল রাত পর্যন্ত প্রায় আড়াই হাজার একরজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে কলোরাডো স্প্রিং ও আশপাশের শহরের প্রায় ১১ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে প্রায় ছয় হাজার ২০০ জনকে ম্যানিটু স্প্রিংস থেকে সরানো হয়েছে। পাইকস পিক পর্বতে যারা ভ্রমণে যায়, তাদের জন্য এটি বেস হিসেবে ব্যবহূত হয়। যুক্তরাষ্ট্রে ওই পর্বতে সবচেয়ে বেশি দর্শনার্থীর সমাগম ঘটে।এল পাসো কাউন্টির মুখপাত্র ডেভ রোজ জানায়, পাইকস পিকের মূল ভিত্তি থেকে মাত্র দুই মাইল দূরে আগুন জ্বলছে।গতকাল প্রায় ১৪ হাজার ১১৫ ফুট উঁচু একটি পাহাড়ের চূড়া থেকে ধারণকৃত ভিডিওতে দাবানলের কালো ধোঁয়া দেখা গেছে।দাবানলের কারণে পাইকস পিকের নিচে ‘সামার ক্যাম্পিং’ হুমকির মুখে। সেখানে পর্যটকদের পারাপারের জন্য ব্যবহূত রেলপথও বন্ধ করে দেওয়া হয়েছে।গতকাল যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি এলাকায় দাবানলের খবর পাওয়া গেছে। এর মধ্যে বেশির ভাগ পশ্চিমাঞ্চলে।