কল্পনা চাকমা অপহরণ: অধিকতর তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্পনা চাকমার অপহরণ ঘটনা তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চূড়ান্ত প্রতিবেদনের বিপরীতে বাদীর করা নারাজি আবেদন গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে বিষয়টির অধিকতর তদন্তে রাঙামাটি জেলা পুলিশ সুপারকে আদেশ দিয়েছেন আদালত।আজ বুধবার রাঙামাটির ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম মো. সিরাজুদ্দৌলা কুতুবী এ আদেশ দেন। আদালত আসামি লেফটেন্যান্ট ফেরদৌস, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কমান্ডার মো. নুরুল হক ও সালেহ আহম্মদকে নিবিড় পর্যবেক্ষণে রেখে পুলিশ সুপারকে সাক্ষ্যগ্রহণসহ অধিকতর তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২০ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়। তবে প্রয়োজনে আরও সময় নিয়ে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ ও বিশ্লেষণসহ চূড়ান্ত প্রতিবেদন দাখিলের কথা বলেন আদালত।১৯৯৬ সালের ১১ জুন মধ্যরাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনার নিজ বাড়ি থেকে কল্পনা চাকমা অপহূত হন। তিনি ছিলেন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক। পরে তত্কালীন প্রধানমন্ত্রী ওই বছরের ৭ সেপ্টেম্বর ঘটনা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল জলিলের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেন।২০১০ সালের ২১ মে পুলিশ কল্পনা চাকমা অপহরণ মামলার চূড়ান্ত প্রতিবেদন পেশ করে। কিন্তু মামলার বাদী কল্পনা চাকমার ভাই কালিন্দী কুমার চাকমা প্রতিবেদনের বিপরীতে নারাজি আবেদন দাখিল করেন। পরে রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম আদালত সিআইডিকে কল্পনা চাকমার অপহরণ ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গত বছরের ২৬ সেপ্টেম্বর সিআইডির চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মো. শহীদুল্লাহ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।