গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস তরুণদের উদ্দেশে বলেছেন, শুধু চাকরির পেছনে ছুটলে হবে না। নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। সেই উদ্যোগ হতে হবে চারপাশের সামাজিক সমস্যাগুলো সমাধানের জন্য। সামাজিক ব্যবসা উদ্যোগের মাধ্যমে সামাজিক সমস্যার সমাধান করতে হবে। নিজেদের ক্ষুদ্র গণ্ডির মধ্যে আটকে না রেখে নিজের কল্পনাকে আকাশের মতো বিস্তৃত করতে হবে।আজ শুক্রবার রাজধানীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল বিজনেস ফোরাম-২০১২-এর উদ্বোধনী অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন। প্রফেশনাল সোসাইটি ফর সোশ্যাল বিজনেস ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এর আয়োজন করে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল প্রথম আলো, ডেইলি স্টার, এনটিভি ও রেডিও টুডে। সার্বিক সহযোগিতা করেছে ইউনূস সেন্টার ও গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব।ড. মুহাম্মদ ইউনূস বলেন, কল্পনা করতে শিখতে হবে। কল্পনা করতে শিখলে সেটা বাস্তবে রূপ দেওয়া যাবে।বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, ‘বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে সামাজিক ব্যবসার মতো অনেক ধরনের উদ্যোগকে নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, ড. ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন। সামাজিক ব্যবসার উত্পত্তি বাংলাদেশ থেকেই হয়েছে। এটা আমাদের গর্ব।’‘সামাজিক ব্যবসার মাধ্যমে নারীর ক্ষমতায়ন’ শীর্ষক আলোচনা পর্বে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান বলেন, নারীদের শিক্ষা অর্জনের পাশাপাশি সামাজিক ব্যবসা উদ্যোগে অংশ নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশের সরকার দশম শ্রেণী পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করেছে। তাতেও নারীর ঝরে পড়ার হার কমেনি। নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে নারী তাদের ক্ষমতায়ন, সামাজিক সমস্যার সমাধান ও শিক্ষা—এ তিনটি বিষয়ে একসঙ্গে সাফল্য অর্জন করতে পারবে।