কল্পনার চেয়েও বেশি পেয়েছি: রনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শুরুটা চমত্কার ছিল। মাঝে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলি। বাবার অসুস্থতাসহ আরও বেশ কিছু বিষয় আমাকে ভাবিয়ে তোলে। তবে এতটা ভাবিনি, এতটা আশাও করিনি। বলতে পারেন, আশার চেয়েও বেশি পেয়েছি। যা পেয়েছি, তা কল্পনাও করতে পারিনি।’ কথাগুলো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৬-এর বিজয়ী এবং দর্শকদের ভোটে সেরা প্রতিযোগী বাংলাদেশের আবু হেনা রনির। মীরাক্কেলে সফল হওয়ার পর নিজের অনুভূতির কথাগুলো এভাবেই প্রথম আলো অনলাইনের কাছে ব্যক্ত করছিলেন তিনি। রনির সঙ্গে যখন কথা হয়, তখন তিনি ছিলেন কলকাতার লেকল্যান্ড কান্ট্রি ক্লাবে। এখানেই গত কয়েকটি মাস তাঁদের থাকতে হয়েছে।মীরাক্কেলে এবারের চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আবু হেনা রনির এর আগে মীরাক্কেল অনুষ্ঠানটি কখনোই দেখেননি। নাম লেখাবেন—সেটা ছিল ভাবনার বাইরে। কিন্তু বিশ্ববিদ্যালয়েরই বন্ধু দেবাশীষের উত্সাহে নাম লেখান তিনি। এর পরের ঘটনা তো সবারই জানা।এ ব্যাপারে রনি বলেন, ‘বন্ধুমহলে কৌতুক বলে হাসানোর জন্য সবার কাছে আমার আলাদা একটা কদর ছিল বলতে পারেন। সবাই আমাকে একটু অন্যভাবেই দেখত। তবে এটা নিয়ে কোনো প্রতিযোগিতায় যাব, সেটা কখনো ভাবনার মধ্যে ছিল না। তবে এটা সত্য যে বন্ধু দেবাশীষের পীড়াপীড়িতে মীরাক্কেলে নাম লেখাতে বাধ্য হই।’রনি আরও বলেন, ‘মীরাক্কেলে অংশ নেওয়ার পর আমাকে এ পর্যায়ে নিয়ে আসার পেছনে মেন্টরদের ভূমিকাই সবচেয়ে বেশি। তাঁরা না থাকলে আমি হয়তো কোনোভাবেই নিজেকে এত দূর নিয়ে আসতে পারতাম না। এ ছাড়া আমার বড় ভাই কামাল হোসেনের ভূমিকা অপরিসীম। মীরাক্কেলে অংশ নেওয়ার পর থেকে সে আমাকে নানাভাবে যে সহযোগিতা করেছে, সেটা আসলে ভোলার নয়।’আবু হেনা রনির স্বপ্ন এখন আরও বিস্তৃত। তাঁর ভাবনা এখন অভিনয়কে ঘিরে। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি রনির যথেষ্ট দুর্বলতা। নিজেকে এখন সেভাবেই প্রস্তুত করছেন। ছোটবেলা থেকেই আসাদুজ্জামান নূর তাঁর পছন্দের অভিনেতা। তাঁর বেশির ভাগ নাটকই রনির দেখা। এ ছাড়া ফজলুর রহমান বাবুর অভিনয়ও রনিকে বেশ অনুপ্রাণিত করে। অভিনয়ের ক্ষেত্রে এঁরাই রনির পথপ্রদর্শক। এ ব্যাপারে রনি বলেন, ‘আসলে ছোটবেলা থেকেই অভিনয়টা আমাকে দারুণ টানে। আর তাই ইচ্ছে করেই নাটক ও নাট্যতত্ত্ব নিয়ে পড়াশোনা করছি। ভবিষ্যতে নিজেকে একজন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’মীরাক্কেলে অংশ নেওয়ার পর জোকস বলার ফাঁকে ফাঁকে রনির গানও বেশ প্রশংসিত হয়েছে। গান নিয়ে আলাদা কোনো চিন্তাভাবনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে রনি বলেন, ‘গানটা প্রাতিষ্ঠানিকভাবে কখনোই শেখা হয়নি আমার। মনের আনন্দে গান করি। এটা নিয়ে কোনো চিন্তা নেই। আমার যত চিন্তা ওই অভিনয়কে ঘিরে।’