কল্যাণপুর খাল উদ্ধারে ওয়াসার অভিযান শুরু
রাজধানীর খাল উদ্ধারের অংশ হিসেবে গতকাল বুধবার কল্যাণপুর ‘খ’ খালের ২০টি স্থাপনার অবৈধ অংশ উচ্ছেদ করেছে ঢাকা ওয়াসা।মিরপুরের মাজার রোডের শেষ প্রান্ত বাতেননগর থেকে গতকাল বেলা ১১টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানে অংশ নেন প্রায় দুই প্লাটুন পুলিশ ও ওয়াসার শ্রমিকেরা।মিরপুরের মাজার রোডের শেষ প্রান্ত থেকে কল্যাণপুর ‘ক’ খাল পর্যন্ত এ খালের দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। গতকাল উচ্ছেদ করা স্থাপনাগুলোর ১০টি ছিল ছয়তলা ভবন। এসব ভবনের কিছু অংশ খাল দখল করে নির্মাণ করা হয়। ওয়াসার অভিযানকারী দল এসব ভবনের নিচতলার কিছু অংশ ভেঙে দেয়। ওপরের বাকি অংশ নিজ উদ্যোগে ভেঙে ফেলার সময়ও দেওয়া হয় তাদের। এ ছাড়া খালের মধ্যে পড়া কয়েকটি বাড়ির সীমানা প্রাচীরও ভেঙে দেওয়া হয়। ওয়াসার নির্বাহী হাকিম কাজী ওয়াছিউদ্দিন জানান, চলতি বছরে রাজধানীর বিভিন্ন খাল উদ্ধারে ওয়াসা অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।এর আগে গত ১২ ও ১৩ সেপ্টেম্বর মধ্য ও দক্ষিণ পীরেরবাগ এলাকায় কল্যাণপুর খালের (ঘ) দুই পাড়ে অভিযান চালিয়ে ৩৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়া ২৪ সেপ্টেম্বর রামচন্দ্রপুর খালে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালায় ওয়াসা।