কল্যাণপুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শাহজাহানপুরে এক যুবককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ রাজধানীর কল্যাণপুরে গতকাল সোমবার রাতে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে। কল্যাণপুরে প্রধান সড়কের পাশে একটি ড্রামের ভেতর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানা গেছে। নিহত ব্যক্তির পরনে ছিল কালচে প্যান্ট ও সাদা শার্ট। তাঁর বাঁ কান দিয়ে রক্ত পড়ছিল বলে পুলিশ জানিয়েছে। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক জানান, গতকাল সোমবার রাত ১২টা ৩০ মিনিটের দিকে পুলিশ খবর পেয়ে কল্যাণপুরের এ কে ট্রাভেলসের সামনে রাখা একটি ড্রামের ভেতর থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। শহীদুল হক আরও জানিয়েছেন, খুন করে লাশ গুম করার উদ্দেশে খুনিরা লাশটি ড্রামের ভেতর ঢুকিয়ে রাস্তার পাশে ফেলে রেখেছিল।এদিকে উত্তর শাহজাহানপুরে আজ ভোরে অজ্ঞাত পরিচয় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে মতিঝিল থানা পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আজ ভোর পাঁটার দিকে ১/১ উত্তর শাহজাহানপুরের একটি বেকারির দোকানের সামনে থেকে মুমূর্ষু অবস্থায় সেই যুবককে উদ্ধার করা হয়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানিয়েছেন, মৃত যুবকের সারা শরীরে প্রচুর আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে কারা তাঁকে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা অবশ্য জানা যায়নি।