কল্যাণপুরে দেয়াল চাপায় কলেজছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরে দেয়াল চাপায় আজ শনিবার বিকেলে প্রশান্ত কুমার পাণ্ডে (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি সরকারি কবি নজরুল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কলেজছাত্র প্রশান্ত কল্যাণপুরের ৮ নম্বর সড়কের ৪১/২ নম্বর বাসার পঞ্চম তলার মেসে থাকতেন। আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে প্রশান্ত পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। কল্যাণপুর প্রধান সড়কের ৪১ নম্বর নির্মাণাধীন ভবনের কাছে পৌঁছালে বাড়ির সীমানা প্রাচীর হঠাত্ ধসে পড়ে। এতে পথচারী প্রশান্ত, মিশু (২০) ও সৌরভ (২২) চাপা পড়েন। এ সময় আশপাশের লোকজন ধসে পড়া দেয়ালের নিচ থেকে তাঁদের উদ্ধার করে মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বিকেল সাড়ে চারটার দিকে প্রশান্ত মারা যান। মিরপুর থানার অপারেশন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু বকর মিয়া জানান, নির্মাণাধীন বাড়িটি ঘিরে রাখতে খুবই নিম্নমানের উপাদান দিয়ে সাময়িকভাবে এ দেয়াল তৈরি করা হয়েছিল। আজ সেটি ধসে পড়ে এক ছাত্রের মৃত্যু হয়। মিরপুর থানা সূত্র জানায়, প্রশান্তের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা ঢাকায় পৌঁছার পর ওই ভবন মালিকের বিরুদ্ধে মামলা করা হলে তা নেওয়া হবে। তবে নিহত ছাত্রের পক্ষ থেকে থানায় অভিযোগ না দিলেও ভবন নির্মাণের সময় পথচারীর নিরাপত্তার ব্যাপারে অবহেলার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করবে।