কল্যাণপুরে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
রাজধানীর কল্যাণপুরে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের কথিত ‘বন্দুকযুদ্ধে’ নূর হোসেন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে এ বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশ জানিয়েছে। এতে নূর হোসেন ও তাঁর সহযোগী বাবু (২৫) আহত হন। আহত নূর হোসেন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে মারা যান।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, পুলিশের কাছে গোপন খবর আসে, কল্যাণপুর পোড়াবস্তিতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাত সোয়া ১১টা দিকে মিরপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়।ওসি দাবি করেন, উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে ডাকাত দলের সদস্য বাবু ও নূর হোসেনের পায়ে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পুলিশ ধাওয়া করে আরিফ (২৫) ও রশিদ (৪০) নামের আরও দুই ডাকাতকে গ্রেপ্তার করে। বাকি দুই ডাকাত পালিয়ে গেছেন। তিনি আরও জানান, গ্রেপ্তারের পর গুলিবিদ্ধ বাবু ও নূর হোসেনকে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ নূর হোসেনের মৃত্যু হয়।কাজী ওয়াজেদ আলী দাবি করেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, একটি চাকু, দুটি চাপাতি ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সন্ত্রাসী কাজে ব্যবহূত একটি প্রাইভেটকারও উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, পুলিশের ওপর হামলা ও অবৈধ অস্ত্র আইনে তিনটি মামলা দায়ের করেছে।