কষ্টে আছেন সায়েরা বেগম
স্বাধীনতার ২৫ বছর পর আমরা মুক্তিযোদ্ধা তারামন বিবি বীরপ্রতীকের খোঁজ পেয়েছিলাম। এরপর কাঁকন বিবির কথা জানতে পারি। এবারে স্বাধীনতার ৪০ বছর পর আবিষ্কার করলাম আরেক নারী মুক্তিযোদ্ধাকে। সায়েরা বেগম।গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগরের মুকুন্দপুরে অনুষ্ঠিত হয় মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনীর পুনর্মিলনী অনুষ্ঠান। সেখানে পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা সমবেত হয়েছিলেন, যাঁরা একাত্তরে সীমান্তবর্তী ওই এলাকায় যুদ্ধ করেছিলেন। এসেছিলেন মিত্রবাহিনীর কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাও।সেই পুনর্মিলনীতে মুক্তিযোদ্ধা কমান্ডার মেজর জেনারেল (অব.) সায়ীদ আহমদ সবাইকে পরিচয় করিয়ে দিলেন সায়েরা বেগম নামে এক নারীর সঙ্গে। বললেন, ‘এই মুকুন্দপুরের বাসিন্দা সায়েরা মুক্তিযুদ্ধের সময়ে আমাদের নানাভাবে সহায়তা করেছেন। তখন তিনি ১৭-১৮ বছরের তরুণী। তাঁর বাবা আবদুল আজিজ ছিলেন একজন রাজাকার। সেই সুবাদে বাড়িতে রাজাকারদের আনাগোনা ছিল। তাদের গতিবিধি খেয়াল রাখতেন সায়েরা বেগম। বাবার কাছ থেকে জেনে নিতেন পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকারদের খবরাখবর। কবে কোথায় তারা অপারেশন চলাবে, কোন রাস্তা দিয়ে যাবে। রাতে বাড়ির পাশের পেয়ারা বাগানে মুক্তিযোদ্ধারা এলে তাঁদের কাছে সেই খবর জানিয়ে দিতেন। এভাবে তিনি মুক্তিযুদ্ধের পুরো সময়টা কাজ করেছেন।সায়েরা বেগমের এই কাজে ঝুঁকি ছিল। বিপদের আশঙ্কা ছিল। তিনি সেসব উপেক্ষা করেই মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন। দেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন। এভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করতে গিয়ে পিরোজপুরের ভাগীরথী জীবন দিয়েছেন। সায়েরা বেগম বেঁচে থাকলেও কেউ তাঁর খোঁজ নেয়নি। তাঁর স্বীকৃতি দেয়নি। ফলে মুক্তিযোদ্ধার সনদও তাঁর কপালে জোটেনি।কেবল সায়েরা বেগম নন, দলীয় বৃত্তের বাইরে থেকে যাঁরা সেদিন দেশমাতৃকার মুক্তির জন্য কাজ করেছেন, কোনো সরকারই তাঁদের খোঁজখবর নেয়নি। অথচ দলের পরিচয়ে অনেক অমুক্তিযোদ্ধাও মুক্তিযোদ্ধা বনে গেছেন।সায়েরা বেগম সেদিন মুক্তিযোদ্ধা সমাবেশে বলেছেন, ‘৪০ বছর পর যে স্যাররা আইছেন, আমারে চিনেছেন, খোঁজ নিছেন—এতেই আমার দুঃখ শেষ।’ তাঁর খেদোক্তি, ‘আমি ভাতা পাই না। দিন কাটে অনেক কষ্টে। সেদিন যা করেছি, দেশের জন্য করেছি (প্রথম আলো, ২০ নভেম্বর)।এই কন্যা-সাহসিকার প্রতি আমার সশ্রদ্ধ সালাম।আজ (২১ নভেম্বর) মুঠোফোনে সায়েরা বেগমের সঙ্গে কথা বলে জানতে পারি, তাঁর কষ্টের কথা। তিনি জানালেন, স্বাধীনতার পর তাঁর বিয়ে হয়। কাজকর্ম করে কোনোভাবে সংসার চলছিল। কিন্তু কয়েক বছর আগে তাঁর স্বামী গুরুতর অসুস্থ হয়ে পড়েন । ঘরে শয্যাশায়ী। পঙ্গু স্বামী ও একমাত্র মেয়েকে নিয়ে তিনি চারদিকে অন্ধকার দেখছেন।একাত্তরে যে নারী জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন, তাঁর জন্য এই রাষ্ট্র ও সরকারের কি কিছুই করার নেই? কেন তিনি ৪০ বছর ধরে বুকে কষ্ট চেপে রাখবেন? রাষ্ট্র কেন তাঁর অবদানের স্বীকৃতি দেবে না? কেন এগিয়ে আসবে না সমাজের বিত্তবান মানুষেরা?