কষ্টে কুঁকড়ে আছে লিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরোজা রঙের সালোয়ার-কামিজ পরে ১৯ বছরের এক তরুণী অঘোরে ঘুমুচ্ছেন। মেয়েটির পোশাক, চুলের বিনুনি—সবকিছুই ঠিকঠাক, পরিপাটি। শুধু মুখটা কষ্টে কুঁকড়ে আছে। তাঁর বেদনা এত গভীর যে সবাইকে গ্রাস করতে চায়। তিনি শুয়ে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আর মর্গের দরজা ধরে নির্বাক দাঁড়িয়ে আছেন তরুণীর বাবা। নীরবতা ভেঙে হঠাৎ চিৎ কার করে উঠলেন বৃদ্ধ, ‘ও ম্যায়া ম্যায়া গো! আমার ম্যায়া মরে নাই, সবাই আইসা দ্যাখো, আমার ম্যায়া আমার দিকে তাকায়া আছে!’নিহত এই তরুণীর নাম লিপি আক্তার। পেটের কাছটা তাঁর রক্তে ভেজা। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হজরত আলী নামের এক বখাটে তাঁকে হত্যা করেছে। যে লিপির আজ সকালে কলেজে যাওয়ার কথা ছিল, কলেজ থেকে হাজারো গল্প নিয়ে বাড়ি ফেরার কথা ছিল, এলাকার ছোট ছোট ছেলেমেয়েদের পড়ানোর কথা ছিল, তিনি আজ কবরে। সংগ্রামমুখর জীবনের বহু অসমাপ্ত আশা-আকাঙ্ক্ষা নিয়ে তিনি আজ লক্ষ যোজন দূরে চলে গেছেন।রাজমিস্ত্রি বাবা শামসুল আলম আর মা রহিমা বেগমের বহু আকাঙ্ক্ষার ধন লিপি। দুই ছেলের পর তাঁর জন্ম। একপেট-আধপেট খেয়েও মেয়েকে মানুষের মতো মানুষ করার প্রতিজ্ঞা করেছিলেন মা-বাবা। মেয়ে কথা রেখেছেন। পঞ্চম-অষ্টম-মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে পৌঁছেছেন স্নাতক শ্রেণীতে। এসব কথা বলতে বলতে অসহায় বাবা বুক চাপড়াচ্ছেন। সন্তান হারানোর এই ব্যথা সইতে পারছেন না তিনি। বুকে হাত ঘষছেন অনবরত, যেন জোর করে তাঁর দেহ থেকে কেউ বিচ্ছিন্ন করে ফেলেছে শরীরের অবিচ্ছেদ্য সবচেয়ে প্রয়োজনীয় অংশটিকে।বড় ভাই সুমন বলেন, ‘বোনটা কেন জানি কদিন ধরেই শুধু গ্রামের বাড়ি যেতে চাইছিল। হঠাৎ কী যে হলো! সেই কোন ছোট্টবেলায় ঢাকায় এসেছে।...আমরা কোনো দিন ওর কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি। লিপিকে বাড়ি পাঠালাম। ফেরার পথে গাড়িতে উঠেই লিপি আমাকে ফোন করেছে, মাঝ রাস্তায় আরও একবার, গাড়ি থেকে নেমে শেষবার। ২০ মিনিট পর দেখি, বোনের ফোন বন্ধ। তারপর সব শেষ।’মাত্র ছয় বছর বয়স থেকে লিপিকে চেনেন প্রতিবেশী ইয়াসমীন বেগম। জানালেন, মেয়েকে উচ্চশিক্ষিত করতে মা-বাবার এই সংগ্রামে শামিল ছিল পুরো এলাকার মানুষ। পরীক্ষার ফি জোগাড় করতে যখন অসুবিধায় পড়েছে ওরা, তখন সাহায্য করেছে প্রতিবেশীরাই। সাহায্য করবে না-ই বা কেন? ছোট্টবেলা থেকেই ও যে মা-বাবার কষ্ট বুঝত! মুখ ফুটে কখনো কিছু চাইত না! একটু বড় হয়েই শিক্ষকতা করে নিজের খরচ নিজে চালাতে শুরু করেছিল। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মা-বাবা-ভাইদের সঙ্গে সে-ও তো যুক্ত ছিল। ১৯ বছরের সেই সংগ্রাম কাল থেমে গেল।বাবা শামসুল আলম চেয়েছিলেন, ছেলেমেয়েরা প্রতিষ্ঠা পাক। নিজে লেখাপড়া শিখতে পারেননি, কিন্তু সাধ ছিল সন্তানদের শিক্ষিত করবেন। দেশে-বিদেশে ওদের নাম ছড়িয়ে পড়বে। ওদের নাম আজ সবাই জানল। তবে তা কোনো আনন্দের বার্তা নিয়ে আসেনি। এসেছে একরাশ শোককে উপলক্ষ করে।