কষ্টের সঙ্গে কষ্ট গেঁথে হোক প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমার কষ্ট আমি বুঝি। দেখো, আমি তো দুই মাস আগেই মরেছি। কদিন পর আমাদের কষ্ট সবাই ভুলে যাবে। কিন্তু আমরা তাদের ভুলতে দেব না। খুনিদের ক্ষমা করব না।’সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্র হামিম শেখের মাকে গতকাল শুক্রবার কথাগুলো বলার সময় সামিয়া হালিমের গাল বেয়ে কান্নার স্রোত নামে। গত কোরবানি ঈদের দুই দিন আগে তাঁর ছেলে সাইফ আহমেদ ওরফে অর্ণবের (২০) প্রাণ কেড়ে নিয়েছিল ট্রাকের ঘাতক চালক। ঘটনাটি ঘটেছিল রাজধানীতে, রামপুরা ব্রিজের কাছে। তার পর থেকে যেখানেই সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পান, সেখানে ছুটে যান এই মা। এই করতে করতে গত দুই মাসে তাঁর সন্তান হারানোর কষ্ট প্রতিবাদে রূপ নিয়েছে।মাত্র তিন দিন আগে সন্তান হারানোর যন্ত্রণায় হামিমের মা সোনিয়া আক্তার এখনো বাকরুদ্ধ, চোখ জল নেই। তাঁর হাতেই তো ধরা ছিল হামিমের কোমল হাতটি। সেই বন্ধন চিরতরে ছিন্ন করে দিয়েছে এক ঘাতক বাসচালক। মাও হয়েছেন গুরুতর আহত। গত বৃহস্পতিবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।গতকাল বিকেলে নিজেদের কষ্ট দিয়ে সদ্য ছেলে হারানো সোনিয়া ও মোতালেবের কষ্ট লাঘব করতে হামিমের পুরান ঢাকার সুরিটোলার বাসার যান সামিয়া হালিম ও তাঁর স্বামী ইকরাম আহমেদ। সঙ্গে ছিলেন সামিয়ার ছোট বোন সংসদ সদস্য তারানা হালিম। গত নভেম্বরে ট্রাক চাপায় সাইফ আহমেদ নিহত হন। সামিয়া হালিম নিজেই হামিমের মাকে শোনান সেই করুণ কাহিনী। ‘বোন, কোরবানির গরু কিনে ছেলে আমাকে ফোনে বলল, মা, বড় গরু কিনেছি, আসছি। ঠিক ১৫ মিনিট পর আরেকটি ফোন আসে—আপনার ছেলে বেঁচে নেই।’ এটুকু বলতেই কান্নায় ভেঙে পড়েন সেখানে উপস্থিত হামিমের মা-খালা-নানি ও প্রতিবেশীরা। তারপর সবাই বলে ওঠেন, ‘আমরা বিচার চাই, আমরা এর বিহিত চাই।’চোখ মুছে বিচারের দাবি জানানোর ডাক দেন তারানা হালিমও। নিরাপদ সড়ক নিশ্চিত করতে একটি পৃথক আইন তৈরির জন্য লড়াইয়ে নামার আহ্বান জানান তিনি, যে আইন ঘাতককে সর্বনিম্ন যাবজ্জীবন সাজা দেবে। এখন সংশ্লিষ্ট আইনে সাজা তিন বছরের কারাদণ্ড।বোনের কষ্টের উদাহরণ টেনে তারানা হালিম বলেন, সাইফের মা বাড়ির একটি ঘরে দেয়ালজুড়ে ছেলের ছবি লাগিয়ে, ছেলের ব্যবহারের সব জিনিস একইভাবে রেখে সেই ঘরেই বাস করছেন। আর প্রতি মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছেন ঘাতকদের ক্ষমা করবেন না, করতে দেবেনও না।হামিম ও সাইফের বাবা পাশাপাশি বসে যেন শক্তি সঞ্চয় করেন। ‘আর কত প্রাণ গেলে এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে?’—এমন প্রশ্ন ছিল তাঁদের চোখে-মুখে। সাইফেরা দুই ভাই। ১৫ ফেব্রুয়ারি সাইফের অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ে স্নাতক পড়তে যাওয়ার কথা ছিল। তিনি মাস্টারমাইন্ড স্কুল থেকে এ লেভেল পাস করেছেন। সাইফের বড় ভাই থাকেন আস্ট্রেলিয়ায়।ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না: সোনিয়ার সামনে কাঁদা যাবে না বলে হামিমের বাবা দূরে দূরে থাকেন। দুই দিন কারও সঙ্গে কথা না বলে গতকাল যাকেই পেয়েছেন, তার কাছেই ছেলের গল্প করেছেন। ছেলে নিহত হওয়ার আগের দিন বাবার কাছে আবদার করেছিল, ‘বাবা, আমি ড্রাম বাজিয়ে গান গাই, তুমি মোবাইলে ভিডিও করে নাও।’ সেদিন ‘ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না’—গানটি গাওয়া অবস্থায় হামিমের ভিডিও করেন তিনি। সেটিই এখন তাঁর সবচেয়ে বড় সম্পদ। কান্না গিলে বললেন, ‘আমার বুঝদার পোলা বিদায় নেওয়ার আগে ভিডিওটা করে দিয়ে গ্যাছেগা বইন।’সড়ক দুর্ঘটনায় নিজেদের আত্মার অংশকে হারানো এ দুই পরিবার একসঙ্গে সব দুর্ঘটনার বিচারের দাবি জানাবে। তারা জানে, কেউ নিজের ধনকে হারাতে চায় না বলেই তাদের পাশে এসে হাত বাড়াবেই।আগামীকাল মানববন্ধন: কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে কাল রোববার মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। হামিমের বিদ্যালয় ও পরিবারের পক্ষ থেকে ঘাতকের বিচার ও বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযুক্তকে জামিন না দেওয়ার দাবি জানাতে এ কর্মসূচি।