কসবা ও নবীনগরে টর্নেডো, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর ও নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়নের কোনাউর গ্রামে আজ বুধবার বেলা ১১টার দিকে টর্নেডো আঘাত হানে। এ সময় বজ্রপাতে নবীনগরের দুই গ্রামে দুজনের মৃত্যু হয়। দুই উপজেলায় দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া ছয় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। নিহত দুজন হলেন বিদ্যাকুট গ্রামের বাছির মিয়া (৩৫) ও মিরপুর গ্রামের সাফিয়া খাতুন (৫০)।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নেয়ামতপুর গ্রামটি কসবা উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বদরুল আলম তালুকদারসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিত্সার জন্য নেয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অস্থায়ী চিকিত্সাকেন্দ্র খোলা হয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও জালাল সাইফুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাথাপিছু ২০ কেজি করে চাল দেওয়া হবে। আহত ব্যক্তিদের চিকিত্সার জন্য তিন হাজার টাকা করে অর্থসহায়তা দেওয়া হবে।কোনাউর গ্রামের বাসিন্দা নাজমুল হক জানান, ১০-১২ মিনিটের প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে বাজারসহ পূর্বপাড়া পুরোপুরি বিধ্বস্ত হয়। এতে গাছপালা, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আহত হয় ১৫ জন।মুঠোফোনে নবীনগরের ইউএনও নাজিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনাস্থল থেকে তিনি জানান, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।