কসবার সেই পুলিশ পরিদর্শক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পরিদর্শক (তদন্ত) জি এম মিজানুর রহমানকে গতকাল রোববার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। চট্টগ্রামে কলেজছাত্রী ধর্ষণচেষ্টা মামলার আসামি হিসেবে তিনি গতকাল রোববার আদালতে আত্মসমর্পণ করেন। চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম এ বি এম নিজামুল হক শুনানির পর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।আদালত সূত্র জানায়, গতকাল সকালে মিজানুর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এর আগে তিনি হাইকোর্ট থেকে ওই মামলায় চার সপ্তাহের জন্য জামিন পান। আজ সোমবার তাঁর জামিনের মেয়াদ শেষ হচ্ছে। হাইকোর্টের নির্দেশে তিনি গতকাল নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।আদালত সূত্র জানায়, কলেজছাত্রী ধর্ষণচেষ্টা-সংক্রান্ত ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর মিজানুরের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মূল মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বিচারাধীন। ঘটনার সময় ছাত্রীর কাছ থেকে জোর করে কাগজে সই নেওয়ার ঘটনায় আরেকটি মামলাও মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন। এ মামলায় মিজানুর গতকাল আত্মসমর্পণ করেন।গতকাল মিজানুরের জামিনের বিরোধিতা করে বাদীর কৌঁসুলিরা আদালতে বলেন, মামলাটি অত্যন্ত স্পর্শকাতর। কারণ, সামাজিক অপরাধ তথা মানুষের জানমাল ও ইজ্জতের ওপর আঘাত এলে তা রক্ষার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। অথচ পুলিশ কর্মকর্তা মিজানুর কলেজপড়ুয়া ছাত্রীর ওপর পৈশাচিক আচরণ করেছেন, যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আসামির বিরুদ্ধে অভিযোগও প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এর ভিত্তিতে এ ঘটনায় পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।আসামির কৌঁসুলিরা মিজানুরকে নির্দোষ দাবি করেন। তাঁরা আদালতে বলেন, শত্রুপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে মিজানুরকে ফাঁসানো হয়েছে।মিজানুর গত ১২ জুলাই একটি মামলার সাক্ষ্য দিতে চট্টগ্রামে আসেন। মামলায় অভিযোগ করা হয়, এদিন বিকেলে তিনি নগরের ফয়’স লেক এলাকা থেকে এক কলেজছাত্রীকে জোর করে তাঁর ব্যক্তিগত গাড়িতে তুলে চকবাজারের হোটেল আল আকাবায় নিয়ে যান। এ রাতে মেয়েটিকে তিনি ধর্ষণের চেষ্টা করেন। পরদিন ১৩ জুলাই ভোরে মেয়েটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সহযোগিতা করার অভিযোগে আবাসিক হোটেলটির ব্যবস্থাপকসহ দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। ঘটনার পর থেকে মিজানুর পলাতক ছিলেন।এ মামলার অন্য আসামি হোটেলকর্মী তাজুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর প্রথম আলোকে বলেছিলেন, মিজানুর রহমান প্রভাবশালী পুলিশ কর্মকর্তা। ঘটনার আগেও তিনি আল আকাবা হোটেলে অসংখ্যবার এসেছিলেন। পুলিশ কর্মকর্তা হওয়ার কারণে তাঁর খারাপ কাজের কেউ প্রতিবাদের সাহস পায়নি।