কসবায় কালবৈশাখী ঝড়ে নারীর মৃত্যু, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কালবৈশাখী ঝড়ে থানা চত্বরের সামনে একটি গাছের ডাল ভেঙে পড়ে কাজল বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঝড়ের কবলে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে বলেও জানা গেছে।আজ শুক্রবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত কাজল কসবা পৌর সদরের তেতৈয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। তিনি থানায় রাঁধুনির কাজ করতেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, কসবায় আজ বেলা তিনটার দিকে প্রবল বেগে কালবৈশাখী ঝড় শুরু হয়। এতে অসংখ্য ঘর-বাড়ি উড়ে গেছে বলে জানা গেছে। বিকেল চারটার দিকে কাজল বেগম থানা চত্বর দিয়ে হেঁটে যাওয়ার সময় তাঁর মাথায় কৃষ্ণচূড়া গাছের ডাল ভেঙে পড়ে। এ সময় কাজল বেগমকে গুরুতর আহত অবস্থায় কসবা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।