কসবায় গৃহবধূর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার শাহপুর গ্রাম থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামী ইয়াকুব আলী (৩৫) যৌতুকের জন্য গত শনিবার গভীর রাতে ছেলেমেয়ের সামনেই স্ত্রী সাহিনূর আক্তারকে (২৫) পানিতে চুবিয়ে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় জনগণ ও পুলিশ সূত্রে জানা গেছে, কসবা উপজেলার কুটি ইউনিয়নের বিলঘর গ্রামের সাহিনূর আক্তারের সঙ্গে আট বছর আগে শাহপুর গ্রামের ইয়াকুব আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিতেন। প্রায়ই বাবার বাড়ি থেকে টাকা-পয়সা এনে দিতেন সাহিনূর। পেশায় রংমিস্ত্রি ইয়াকুব কয়েক মাস পর পর বাড়িতে আসতেন। চার মাস পর গত শনিবার গভীর রাতে বাড়িতে আসেন ইয়াকুব। এ সময় তিনি সাহিনূরকে টেনে-হিঁচড়ে পার্শ্ববর্তী পুকুরে নিয়ে গিয়ে পানিতে চুবাতে থাকেন। তখন সাহিনূরের চিত্কারে তাঁর ছেলেমেয়েসহ বাড়ির লোকজন পুকুরের কাছে গেলে ইয়াকুব দৌড়ে পালিয়ে যান। বাড়ির লোকজন তখন সাহিনূরের মৃত্যুদেহ দেখতে পায়। খবর পেয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন ঘটনাস্থলে যান। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন প্রথম আলো অনলাইনকে জানান, যৌতুকের জন্য ইয়াকুব স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিহত সাহিনূরের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। পলাতক ইয়াকুবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।