কসবায় ছুরিকাঘাতে বাবাকে খুনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঝিকড়া গ্রামে ছেলের উপর্যুপরি ছুরিকাঘাতে শাহ আলম (৫০) নামের এক ব্যক্তির খুনের অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার ভোরে তাঁদের বাড়ির পাশের জমিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহ আলমের স্ত্রী নুরজাহান বেগম বাদী হয়ে ছেলে আলাউদ্দিনের (২৫) বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইফতার হোসেন স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানান, শাহ আলম মিয়া মাছের ব্যবসা করতেন। আজ ভোরে মাছ কিনতে চান্দলা যাওয়ার পথে বাড়ির পাশের একটি জমিতে ছেলে আলাউদ্দিন তাঁর বাবাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এ সময় তাঁর চিত্কারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এলে আলাউদ্দিন দৌড়ে পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। খোঁজ নিয়ে জানা গেছে, আলাউদ্দিন ফুফাতো বোন বাবুনীকে বিয়ে করতে তাঁর বাবা-মাকে প্রস্তাব দেন। কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে তাঁর বাবাকে খুন করেন। নুরজাহান বেগম প্রথম আলো অনলাইনকে বলেন, তাঁর আট সন্তানের মধ্যে আলাউদ্দিন বড়। সে এখন বখাটে হয়ে গেছে। পছন্দের মেয়েকে বিয়ের প্রস্তাবে তার রাজি না হওয়ায় সে তার বাবাকে খুন করেছে। পাশের বাড়ির ইউপি সদস্য জয়নাল আবেদীন প্রথম আলো অনলাইনকে বলেন, আলাউদ্দিন বখাটে। তার বিরুদ্ধে কমপক্ষে ৪০টি বিচার তিনি নিজেই করেছেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে কসবা থানায় নিয়ে আসে। ঘটনাটি কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে হওয়ায় ব্রাহ্মণপাড়া থানায় হত্যা মামলা হয়েছে। তিনি বলেন, শাহ আলমের শরীরে আটটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।