কসবায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে আজ রোববার সকালে ট্রেনে কাটা পড়ে বাবুল মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। নিহত বাবুল মিয়া লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরছাগদল গ্রামের তাজুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল মিয়া তাঁর স্ত্রী মরিয়মকে সঙ্গে নিয়ে তাঁর শ্বশুরবাড়ি কিশোরগঞ্জ থেকে নিজ গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। আশুগঞ্জ রেলস্টেশন থেকে সকালে নোয়াখালীগামী আন্তনগর উপকূল ট্রেনে ওঠেন। সকাল সাড়ে ১০টায় উপকূল ট্রেনটি কসবা রেলস্টেশনের ২ নম্বর লাইনে আসেন। বাবুল মিয়া রেলস্টেশনে নেমে প্ল্যাটফর্মের দিকে যাওয়ার সময় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে উপকূল ট্রেনটি ছেড়ে দিলে তাঁর স্ত্রী মরিয়ম কুমিল্লায় চলে যান। পরে আবার কসবা রেলস্টেশনে ফিরে আসেন আখাউড়া রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ছিদ্দিক প্রথম আলোকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আখাউড়া জিআরপি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।