কসবায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আজ শনিবার দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বৃষ্টিতে জমে থাকা পানি সরাতে গিয়ে উপজেলার বিনাউটি ইউনিয়নে দুরুইল গ্রামে আজ সকাল সাড়ে নয়টার দিকে ইয়াকুব মিয়া ও আনোয়ার হোসেনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাধে।কসবা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আওয়াল জানান, সম্পত্তি নিয়ে এ দুই পক্ষের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছিল। গতকাল শুক্রবার প্রচণ্ড বৃষ্টির কারণে আনোয়ার হোসেনের বাড়িতে পানি জমে যায়। আজ সকালে আনোয়ার ওই পানি সরাতে ইয়াকুব-সমর্থিত এক লোকের বাড়ির উঠানের ওপর দিয়ে নিষ্কাশনের ব্যবস্থা করে। এ নিয়ে ইয়াকুবের ছেলে মাসুদ ও আনোয়ারের মধ্যে কথাকাটাকাটি ও পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় সাতজনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন—ইয়াকুব মিয়া (৭০), মাসুদ রানা (৩০), মিনারা বেগম (৫০), আনোয়ার হোসেন (৩০), রহিমা খাতুন (৬০), মনির মিয়া (২২) ও ছাইমা খাতুন (১৮)।