কসবায় বিদ্যুতের লাইন ছিঁড়ে অগ্নিকাণ্ডে একজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামে ১১ কেভি বিদ্যুতের লাইন ছিঁড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কামরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কামরুল ইসলাম (২৭) নামে আরও এক ব্যক্তি। গুরুতর আহত হওয়া কামরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাতে মনকাশাইর গ্রামে ছায়েব আলী মেম্বারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিনির্বাপণ কর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় পল্লী বিদ্যুতের ১১ কেভি বিদ্যুত্ লাইন ছিঁড়ে গিয়ে মনকাশাইর গ্রামের ছায়েব আলী মেম্বারের বাড়ির সার্ভিস লাইনে পড়ে যায়। এ সময় ছায়েব আলীর কয়েকটি ঘরে আগুন লেগে যায়। বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করতে গিয়ে ঈদের ছুটিতে বেড়াতে আসা ছায়েব আলীর জামাতা কামরুল ইসলাম অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আগুন নিভাতে গিয়ে কামরুল ইসলাম নামে আরও এক ব্যক্তি আহত হন। পরে অগ্নিনির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।নিহত কামরুল আখাউড়ার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের বাসিন্দা। ঈদের ছুটিতে তিনি মালয়েশিয়া থেকে দেশে আসেন।কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, থানায় এখনো কেউ কোনো অভিযোগ বা মামলা করেনি।