কসবায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গতকাল সোমবার রাতে পৃথক অভিযানে সন্দেহভাজন ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ২৬০ কেজি গাঁজা, একটি ট্রাক ও একটি মাইক্রোবাস উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেছে। আজ মঙ্গলবার সকালে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। মাদক ব্যবসায়ী সন্দেহে পুলিশ মাইক্রোবাসের তিন আরোহী কসবা উপজেলার মাইজখার গ্রামের দেলোয়ার হোসেন (২৮) ও রমজান মিয়া (৪০) এবং বিষ্ণপুর গ্রামের রফিক মিয়াকে (২৮) গ্রেপ্তার করে। তাঁদের ব্যবহূত মাইক্রোবাসটিও আটক করা হয়। এ ঘটনায় কসবা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।অপরদিকে, পুলিশ ওই মহাসড়কের কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় সিলেটগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ট্রাকটিও আটক করে পুলিশ। এ ঘটনায় কসবা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাছান বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ২৬০ কেজি গাঁজার দাম প্রায় ২৬ লাখ টাকা। গ্রেপ্তার ছয়জনকে আজ ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।