কসবায় সোয়া এক ঘণ্টা পর রেললাইন অবরোধ প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত রেললাইন অবরোধ করে রাখে স্থানীয় জনগণ। ঢাকা থেকে নোয়াখালীগামী আন্তনগর উপকূল এক্সপ্রেসে ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের জন্য রাখা আসনসংখ্যা কমানোর প্রতিবাদে এবং কসবা রেলস্টেশনে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী আন্তনগর মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে তারা এ অবরোধ করে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, ঢাকা-নোয়াখালী ও সিলেট-নোয়াখালী রেলপথে রেল যোগাযোগ সোয়া এক ঘণ্টা বন্ধ থাকে। দুপুর সোয়া ১২টার দিকে রেল চলাচল শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে কসবা রেলস্টেশনে অবরোধ করে রাখে স্থানীয় জনগণ। ঢাকা থেকে নোয়াখালীগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস কসবা রেলস্টেশনে আসার পর রেলপথ অবরোধ করে দেয় বিক্ষুব্ধ ব্যক্তিরা। এ সময় তারা বিক্ষোভ ও মিছিল করে। খবর পেয়ে কসবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ কবীর, উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ কবীর ও কসবা থানার পরিদর্শক (তদন্ত) জি এম মিজানুর রহমান ঘটনাস্থলে যান। তাঁরা অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। কিন্তু বিক্ষুব্ধ ব্যক্তিরা এতে সাড়া দেয়নি। পরে দাবি পূরণের আশ্বাসের ভিত্তিতে তারা অবরোধ প্রত্যাহার করে।কসবা রেলস্টেশনের মাস্টার ডি কে বড়ুয়া প্রথম আলোকে বলেন, এ স্টেশনে মোট ৭২টি আসন রয়েছে। গত ৭ ডিসেম্বর এক আদেশে ৫টি চেয়ার ও ২৩টি শোভন আসন বরাদ্দ বাতিল করেছে কর্তৃপক্ষ। গতকাল থেকে তা কার্যকর করা হয়। কসবার ইউএনও আহমদ কবীর জানান, রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে। তাঁরা ২/৩ দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। বিষয়টি অবরোধকারীদের জানালে তারা অবরোধ তুলে নেয়। এদিকে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) রুকুনুজ্জামান প্রথম আলোকে বলেন, নতুন করে ৩০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।