কসবায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চৌমুহনী বাসস্ট্যান্ড-সংলগ্ন শান্তিপুরের কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের সবাই অটোরিকশার যাত্রী।নিহত অটোরিকশার চালক নূরুল ইসলাম (৪৪) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মুকিমপুর গ্রামের বাসিন্দা। আর কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আবু নাইম (২২) মোতালেব মিয়ার ছেলে। এ ছাড়া নিহত এক শিশু, এক মহিলা ও এক যুবকের পরিচয় পাওয়া যায়নি। আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, আজ বিকেলে উপজেলার শান্তিপুরে কুমিল্লাগামী সিএনজিচালিত অটোরিকশা ও চৌমুহনীগামী সুগন্ধা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুই জন নিহত এবং আরও তিন জন আহত হয়। কসবা সদর হাসপাতালে নেওয়ার পথে ওই তিন জনও মারা যায়।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।