কসবায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ৩
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কে আজ শনিবার সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন—মজিবুর রহমান (৩৫)। তিনি কুমিল্লার দ্বেবিদার উপজেলার বাসিন্দা। বাকি দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কসবা উপজেলার খাড়েরায় আজ সকাল নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কুমিল্লাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার দুজন যাত্রী নিহত হয়।গুরুতর অবস্থায় সিএনজিচালকসহ চার যাত্রীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোকাদ্দেছ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজি ও ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত তিনজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিত্সাধীন।