কসবায় ১৫টি দোকান পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাশিমপুর ইউনিয়নের কামালপুর সিঙ্গাপুর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এ আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দমকল কর্মীদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাসায় চলে যান। রাত সাড়ে ১০টায় আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন চিত্কার করতে থাকে। এ সময় তারা আগুন নেভাতে চেষ্টা করে। রাত সাড়ে ১১টায় কসবার কুটি চৌমুহনী ফায়ার স্টেশনের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের লোকজন প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও মার্কেটের ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫০ লক্ষাধিক টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে। কসবার কুটি চৌমুহনী ফায়ার স্টেশন ইনচার্জ আবু মোতালেব প্রথম আলো অনলাইনকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে তিনি ধারণা করছেন।