কসমসে পাঁচ তরুণের শিল্পসম্ভার
তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল পাঁচ শিল্পীর কাজ নিয়ে ‘ভিশন ফাইভ’ নামের যৌথ প্রদর্শনী শুরু হলো গতকাল শনিবার মহাখালীর নিউ ডিওএইচএসের গ্যালারি কসমস-২তে। মানবদেহাবয়ব, তার অন্তর্নিহিত শক্তি, আশা-নিরাশা, প্রাপ্তি ও বঞ্চনার যে নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলেছে জীবনযাত্রা, সেসবই তুলে ধরেছেন তরুণেরা তাঁদের নানা মাধ্যমের কাজে।সন্ধ্যায় বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। সম্মানিত অতিথি ছিলেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট উইনিংটন গিবস, রিপাবলিক অব কোরিয়ার রাষ্ট্রদূত তাই অং চো। গ্যালারি কসমসের চেয়ারম্যান এনায়েতউল্লাহ্ খান, বিশিষ্ট শিল্পী কালিদাস কর্মকার, শহীদ কবির, আবদুস শাকুরসহ প্রবীণ-নবীন শিল্পী ও শিল্পানুরাগীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের মধ্যে অসীম হালদার সিরামিকের ভাস্কর্য করেছেন। বীজ থেকে গজানো অঙ্কুর, মানবমুখাকৃতি—এসব তাঁর প্রধান কাজ। আশরাফুল হাসান অ্যাক্রিলিকে এঁকেছেন গাছের গুঁড়ি, শিকড়ের কাণ্ডের আকৃতির আদলে মানুষের অবয়বের আদল। এ ছাড়া আছে দুটি ব্যতিক্রমী কাজ। খানিকটা তফাত থেকে মনে হয়, খবরের কাগজের কোলাজ। কাছে গেলে ভুলটা ভাঙে। ক্যানভাসে তিনি খবরের কাগজকেই এঁকেছেন বিশেষ ধরনের আকৃতিতে। বিশ্বজিৎ গোস্বামী মানুষের অন্তর্গত শক্তিকেই দেখিয়েছেন পেশিবহুল অবয়বের নানা রকমের আকৃতিতে। ত্রিকোণ ও চতুষ্কোণ বস্তুখণ্ডের ওপর এসব অবয়বের সংস্থাপনগত সমন্বয়ও চমৎকার। পরিপ্রেক্ষিতের সঙ্গে বিষয় ও ভাবনার সামঞ্জস্য ও রঙের সংযত প্রয়োগ তাঁর কাজে বিশেষ ব্যঞ্জনার সৃষ্টি করে। কামালুদ্দিন এঁকেছেন হাড়জিরজিরে শিশুদের। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। ক্ষুধা-অপুষ্টিতে ক্লিষ্ট। সমাজের অধিকারবঞ্চিত শিশুদের পাশাপাশি ক্ষুধা-দারিদ্র্যকাতর লোকজনও এসেছে তাঁর কাজে।আজমল উদ্দীনও অবয়বধর্মী কাজ করেছেন; তবে তাঁর কাজ নিরীক্ষাধর্মী। অবয়ব অতিক্রম করে তাঁর কাজ মানুষের সত্তা তার অন্তরাত্মাকে স্পর্শ করতে উন্মুখ।তরুণ শিল্পীরা বাস্তব রীতিকে প্রাধান্য দিয়েই কাজ করেছেন। তবে তাঁদের বিষয়াবস্থাকে দেখার নিজস্ব দৃষ্টিকোণ, উপস্থাপনা, আঙ্গিক এবং নান্দনিক অনুভবের স্বাতন্ত্র্য কাজগুলোকে পৃথক ও বৈচিত্র্যময় করে তুলেছে। এই শিল্পকর্ম রয়েছে ৩১টি। চলবে ২৯ মার্চ পর্যন্ত। প্রদর্শনী খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত।