কসোভোর নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়লাভের দাবি
কসোভোয় প্রথমবারের মতো অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি অব কসোভো (পিডেকে) জয়লাভ করেছে বলে দাবি করেছেন দলটির প্রধান ও কসোভোর প্রধানমন্ত্রী হাশিম থাসি। আজ সোমবার সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি করেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে হাশিম তাসি জানান, তাঁর দল ৩১ শতাংশ ভোট পেয়ে শীর্ষে অবস্থান করছে। অপরদিকে তুমুল প্রতিদ্বন্দ্বী দল ডেমোক্রেটিক লীগ অব কসোভো ২৫ এবং নবগঠিত সেলফ ডিটারমিনেশন পার্টি ১৬ শতাংশ ভোট পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। এ সাফল্যকে দলের জন্য ‘মহা বিজয়’ উল্লেখ করে থাসি বলেন, ‘আজ কসোভোর জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এবং তাঁরা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আজ বুলি ফুটেছে ইউরোপের কসোভোর, কথা বলছে ইউরো আটলান্টিক কসোভো।’ বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হাশিম থাসির এ দাবি সত্য হলেও সরকার গঠনে তাঁকে অন্যান্য দলের সমর্থন অর্জন করতে হবে। একটি বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি আরও জানায়, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৪৮ শতাংশ, যা ২০০৭ সালের সর্বশেষ নির্বাচনের তুলনায় প্রায় আট শতাংশ বেশি। ওই সময় ভোটার সংখ্যা ছিল ৪০ শতাংশ। এদিকে নির্বাচনপ্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সেন্ট্রাল ইলেকশন কমিশনের প্রধান ভেলডেট ডাকা। তিনি জানান, টেকনিক্যাল কিছু গোলযোগ থাকলেও তা তেমন ক্ষতিকর ছিল না। প্রসঙ্গত, ২০০৮ সালে একতরফাভাবে সার্বিয়া থেকে স্বাধীনতা লাভের ঘোষণার পর এই প্রথম কসোভোতে এই নির্বাচন অনুষ্ঠিত হলো।—বিবিসি