কসোভোর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানব অঙ্গ ও মাদক পাচারের অভিযোগ
কসোভোর প্রধানমন্ত্রী ও কসোভো লিবারেশন আর্মির (কেএলএ) সাবেক কমান্ডার হাশিম তাকসির বিরুদ্ধে মানব অঙ্গ পাচার ও মাদক ব্যবসাসংক্রান্ত বিভিন্ন গুরুতর অভিযোগ এনেছে ইউরোপীয় কাউন্সিলের আইন ও মানবাধিকার-বিষয়ক কমিটি।ইউরোপীয় কাউন্সিলের আইন ও মানবাধিকার-বিষয়ক কমিটির বিশেষ প্রতিনিধি ডিক মার্টি দুই বছরের তদন্ত শেষে এক প্রতিবেদনে হাসিম তাকসির বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন। প্রতিবেদনটিতে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হাসিম তাকসিকে কসোভোয় সংঘটিত অন্যান্য অপরাধের দায়েও অভিযুক্ত করা হয়। তদন্ত প্রতিবেদনটি আগামী বৃহস্পতিবার স্টার্সবার্গে অনুষ্ঠেয় ইউরোপীয় কাউন্সিলের আইন ও মানবাধিকার কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় কাউন্সিলের ওই খসড়া প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ২৭ বার হাসিম তাকসির নাম উল্লেখ করা হয়েছে।কসোভো যুদ্ধের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত হাসিম তাকসি কী কী অপরাধ করেছেন, তার প্রমাণও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।তবে কসোভো সরকার তাদের প্রাথমিক প্রতিক্রিয়ায় ওই খসড়া প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ ও ‘মানহানিকর’ বলে নাকচ করে দিয়েছে। কসোভো সরকার এর বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক ব্যবস্থা গ্রহণ করারও হুমকি দিয়েছে। বিবিসি।