কাঁচপুর ও মেঘনা সেতু এলাকায় তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। কিন্তু মহাসড়কে তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। গতকাল বুধবার যানবাহনের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতু এলাকায় যানজটের সৃষ্টি হয়। সকালে শুরু হয়ে রাত নয়টায়ও সেই যানজট স্বাভাবিক হয়নি। একই কারণে ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হয়।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলায় গতকাল সকালে একটি লরি উল্টে গেলে ওই এলাকায় প্রায় ৩২ কিলোমিটার যানজট তৈরি হয়। সন্ধ্যা সোয়া ছয়টার দিকেও ওই এলাকায় যানজট দেখা যায়। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল দুপুরের দিকে ওই যানজটে পড়েন।আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:সোনারগাঁ (নারায়ণগঞ্জ): কাঁচপুর ও মেঘনা সেতু এলাকায় গতকাল সকালেই যানজটের কবলে পড়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রীরা।বিভিন্ন পরিবহনের চালক, যাত্রী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, অন্য দিনের তুলনায় গতকাল সকালেই এই দুটি মহাসড়কে যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। সকাল সাতটার দিকেই কাঁচপুর ও মেঘনা সেতুর দুই পারে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের চালক আলী হোসেন জানান, রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে কাঁচপুর সেতু হয়ে মেঘনা ঘাট পর্যন্ত যেতে স্বাভাবিকভাবে এক ঘণ্টা সময় লাগে। কিন্তু তিনি চার ঘণ্টায় ওই পথ পাড়ি দিয়ে মেঘনা সেতু এলাকায় আসতে পেরেছেন। এরপর প্রায় এক ঘণ্টা যানজটে আটকে আছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, মূলত যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। মেঘনা সেতু এলাকায় যানজটের মূল কারণ সেতুর টোল আদায়ে ধীর গতি ও মহাসড়কের টিপুরদী এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ।গতকাল রাত নয়টায় এই প্রতিবেদন লেখার সময়ও কাঁচপুর ও মেঘনা সেতু এলাকায় দীর্ঘ যানজট দেখা যায়।দাউদকান্দি (কুমিল্লা): বুড়িচংয়ের কোরপাইয়ে গতকাল বুধবার সকালে একটি লরি উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি লরি গতকাল সকাল ছয়টার দিকে কোরপাই এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। কুমিল্লার আমতলী হাইওয়ে পুলিশ রেকার এনে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার পর লরিটি সরিয়ে নেয়। এরপর যান চলাচল স্বাভাবিক করতে ইলিয়টগঞ্জ ও আমতলী হাইওয়ে পুলিশ এবং চান্দিনা থানার পুলিশ চেষ্টা চালাতে থাকে। দুপুর ১২টার পর যোগাযোগমন্ত্রী নোয়াখালীতে যাওয়ার পথে যানজটে পড়েন। পরে তিনি হাইওয়ে ও থানা পুলিশের সহযোগিতায় দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকা পর্যন্ত বিচ্ছিন্নভাবে প্রায় ৩২ কিলোমিটার জট অতিক্রম করে বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লার পদুয়ার বাজারে পৌঁছান।গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হানিফ মিয়া বলেন, যোগাযোগমন্ত্রী দুপুর ১২টার আগে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু পরিদর্শন শেষে সড়ক ও জনপথ বিভাগ এবং চার লেন প্রকল্পের কর্মকর্তাদের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ কয়েকটি সড়কের কাজের অগ্রগতি ও সংস্কারকাজের খোঁজ নেন। পরে নোয়াখালীর দিকে রওনা দেন।আমতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সিরাজুল ইসলাম জানান, কোরপাইয়ে লরি উল্টে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকেও মহাসড়কের ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি।রাজধানীমুখী খালি বাসের সারি: দক্ষিণাঞ্চল থেকে প্রায় যাত্রীবিহীন অনেক বাস রাজধানীতে ঢোকার জন্য রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে।গতকাল বিকেলে দৌলতদিয়ায় গিয়ে দেখা যায়, ফেরিঘাট থেকে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি। যশোর থেকে প্রায় খালি বাস নিয়ে ফেরি পার হওয়ার জন্য অপেক্ষা করছেন হানিফ পরিবহনের চালক আমিনুর রহমান। তিনি জানান, দেড় ঘণ্টারও বেশি সময় ধরে সিরিয়াল নিয়ে ফেরির জন্য অপেক্ষা করছেন।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, ঈদে যাত্রী পারাপার স্বাভাবিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রাজবাড়ীর পুলিশ সুপার রেজাউল হকের তত্ত্বাবধানে পালা করে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৭ জন সদস্য দায়িত্ব পালন করছেন।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক খোন্দকার তানভির হোসেন জানান, বর্তমানে নয়টি রোরো ও দুটি কে-টাইপ ফেরি চলাচল করছে। বৃহস্পতিবার (আজ) আরও একটি ফেরি এই নৌপথে যোগ দেওয়ার কথা।ময়মনসিংহ: ময়মনসিংহ আন্তজেলা বাস টার্মিনাল ও এর চারপাশের সড়কে তীব্র যানজট শুরু হয়েছে। এতে আটকে পড়ে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, জামালপুর ও নেত্রকোনার যাত্রীরা। ঢাকা থেকে বের হতে এক যানজট কাটিয়ে ময়মনসিংহে গিয়ে আরেক যানজটে পড়ছে তারা।সরেজমিনে দেখা যায়, বাস টার্মিনাল ও ময়মনসিংহ-ঢাকা বাইপাস সড়কে দীর্ঘ যানজট। ঢাকা থেকে ময়মনসিংহ ও ময়মনসিংহ হয়ে বিভিন্ন পথের যাত্রীবাহী বাস তিন-চার কিলোমিটার সড়কজুড়ে দাঁড়িয়ে আছে। ময়মনসিংহ ব্রিজ মোড়ে যানজটে আটকে পড়া একটি বাসের বাসযাত্রী আবদুল হালিম জানান, তিনি ঢাকা থেকে ফুলপুরের তারাকান্দায় যাওয়ার জন্য মহাখালী থেকে সকাল সাতটায় বাসে ওঠেন। বেলা তিনটায়ও তিনি এখানে আটকে আছেন।ময়মনসিংহ ট্রাফিক পুলিশের পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান জানান, ঈদে বাসগুলো সময় মেনে না ছাড়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে পুলিশ সুপার মো. গোলাম কিবরিয়া ও ময়মনসিংহ পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতাদের মধ্যে বৈঠক হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার (আজ) সকাল থেকে এই বাস টার্মিনালে ১০ জন কমিউনিটি পুলিশ ও সমিতির পক্ষ থেকে অতিরিক্ত লোকজন কাজ করবেন।