কাঁচপুরে ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ ও মদনপুরে বিএনপি ও জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে ২০ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি যানবাহন। পুলিশ এসব ঘটনায় জামায়াত-শিবিরের তিনজন কর্মীসহ আটজনকে আটক করেছে বলে জানান জেলা পুলিশ সুপার। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকে রাজপথ অবরোধ কর্মসূচিতে আজ রোববার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সোয়া সাতটার দিকে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা কাঁচপুরে মিছিল বের করেন। পুলিশ তাঁদের মহাসড়কে মিছিল না করার অনুরোধ জানায়। কিন্তু মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পিকেটারেরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে। সকাল সাড়ে আটটার দিকে কাঁচপুরে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির মিছিল বের করে। বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। অন্যদিকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের নেতৃত্বে অবরোধের বিরুদ্ধে ১৫-২০টি ট্রাক নিয়ে মিছিল বের করলে কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকায় বিএনপির নেতা-কর্মীরা তাঁদের গাড়িবহরে হামলা চালান এবং একটি পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেন। অন্যদিকে বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ও মদনপুরে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশের লাঠিচার্জে জেলা ওলামা দলের সভাপতি সামছুজ্জামানসহ ২০ জন আহত হয়েছেন। বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরের তাজমহল সিনেমা হলের সামনে একটি মিনিবাস ও পাঁচটি মোটরসাইকেলে আগুন দেন অবরোধকারীরা।বিএনপির নেতা তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা দিয়েছে এবং কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়েছে। তবে কেউ গুলিবিদ্ধ হননি।’জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে লাঠিচার্জ, গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।