কাঁচপুরে ফের শ্রমিক অসন্তোষ ভাঙচুর সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর ও মহাসড়ক অবরোধের কারণে আবারও অশান্ত হয়ে উঠেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পনগরী এলাকা। গতকাল সোমবার সকালে এসএফ ফ্যাশন লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কারখানায় ভাঙচুর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।কারখানার শ্রমিক ইজ্জত আলী, রিপন ও আমজাদ হোসেন জানান, বেতন-ভাতা বৃদ্ধি, হাজিরা বোনাস, ঐচ্ছিক ছুটি, শ্রমিক নির্যাতন ও ছাঁটাই বন্ধের দাবিতে তাঁরা গতকাল সকাল থেকে আন্দোলনে নামেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা সকাল আটটার দিকে কাজে যোগ না দিয়ে কারখানার চত্বরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে কারখানার কিছু জানালার কাচ ভেঙে যায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে সোনারগাঁয়ের মেঘনা সেতু পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ, কাঁচপুর হাইওয়ে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর্সিয়া কমল ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি মানার আশ্বাস দিলে সকাল সাড়ে ১০টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।এসএফ ফ্যাশন লিমিটেডের পরিচালক গোলাম মর্তূজা জানান, শ্রমিকদের সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে। কিছু দাবি মেনে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে তাঁরা কাজে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান মালিক-শ্রমিকের সমঝোতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিল্পনগরী এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।উল্লেখ্য, কাঁচপুর শিল্পনগরী এলাকায় ১০ এপ্রিল ওপেক্স অ্যান্ড সিনহা টেক্সটাইল গ্রুপ এবং ১৯ এপ্রিল এসকোয়্যার নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে কারখানায় ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।ওপেক্স অ্যান্ড সিনহা টেক্সটাইল গ্রুপওপেক্স অ্যান্ড সিনহা টেক্সটাইল গ্রুপে শ্রমিক আন্দোলনের মুখে গত রোববার ও গতকাল সোমবার কারখানার সব ইউনিটে উৎপাদন বন্ধ ছিল। এ পরিপ্রেক্ষিতে কারখানার কিছু শ্রমিক গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের প্রস্তুতি নেন। তবে পুলিশের বাধা পেয়ে তাঁরা চলে যান। রাতে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের বৈঠকে আজ মঙ্গলবার থেকে কারখানা চালুর সিদ্ধান্ত হয়।জানা যায়, সিনহা গ্রুপে শ্রমিক অসন্তোষের ব্যাপারে গতকাল রাতে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ আবদুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক শামসুর রহমান, সিনহা গ্রুপ কর্তৃপক্ষ ও শ্রমিকনেতারা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বৈঠকে বসেন। বৈঠক শেষে সাংসদ আবদুল্লাহ আল কায়সার ও জেলা প্রশাসক শামসুর রহমান জানান, সভায় আগামীকাল (আজ) থেকে কারখানাটি আবার চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকদের দাবিগুলো একে একে পূরণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন মালিকপক্ষ। এর পরিপ্রেক্ষিতে শ্রমিকেরাও কারখানায় কাজে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছে।সিনহা গ্রুপের পরিচালক (প্রশাসন) দেলোয়ার হোসেন প্রথম আলোকে জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে কারখানার সব ইউনিটে দুই দিন উৎপাদন বন্ধ ছিল।