কাঁচপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ভাংচুর
বাসের ধাক্কায় একজন নারী শ্রমিক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার সকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে সিনহা গ্রুপের বিক্ষুব্ধ শ্রমিকেরা দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা পুলিশ ফাঁড়িও ভাঙচুর করেন এবং পুলিশের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়াসহ শতাধিক যানবাহন ভাঙচুর করেন। এ ঘটনায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে পুলিশের ২০ সদস্য ও ৩০ জন শ্রমিক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থল থেকে সাত শ্রমিককে আটক করেছে। অন্যদিকে সিনহা গ্রুপের সব কারখানা এক দিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়।আটক হওয়া শ্রমিকেরা হলেন সাগর (২৮), আহসান হাবিব (২৩), সাইদুর রহমান (২৪), আলমগীর (২৭) খালেক (৩০), মনসুর (২৬) ও ইব্রাহিম।পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, মেঘালয় পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল ১০টায় কাঁচপুরে সিনহা গ্রুপের কারখানার সামনে ওই কারখানার শ্রমিক সাহিদাকে (২২) ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পথচারী ও অন্য শ্রমিকদের সহায়তায় সাহিদাকে কারখানার নিজস্ব হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। কিন্তু সাহিদা মারা গেছেন, শ্রমিকদের মধ্যে এমন গুজব ছড়িয়ে পড়লে তাঁরা উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে কাজ বন্ধ করে সহস্রাধিক শ্রমিক রাস্তায় নেমে যানবাহন ভাঙচুর করতে থাকেন। পুলিশ বাধা দিলে বিক্ষুদ্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫০টি গুলি ও ১১টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলার পর নারায়ণগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ও র্যাবের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী দাবি করেন, সংঘর্ষ চলাকালে শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের একটি অস্থায়ী ক্যাম্পে ভাঙচুর করে লুটপাট চালান। একই সঙ্গে তাঁরা ক্যাম্পের পাশে পার্কিং করে রাখা সোনারগাঁ থানার উপপরিদর্শক আলেক খানের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।