কাঁচপুরে শ্রমিকদের অবরোধ, যানবাহন, দোকান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পনগর এলাকার কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকেরা গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা কয়েকটি দোকান ও কয়েক শ যানবাহনে ভাঙচুর করেন এবং অস্থায়ী পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে সোনারগাঁ থানার ওসিসহ ৫০ জন আহত হন। শ্রমিকদের অবরোধ চলাকালে দুই মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বাড়িভাড়া কমানোর দাবিতে তাঁরা মহাসড়ক অবরোধ করেন বলে জানান। পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, উপজেলার কাঁচপুর শিল্পনগরের ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপ, এসকোয়্যার নিট কম্পোজিট লিমিটেড, জয়া গ্রুপ, নাসা গ্রুপসহ পাঁচটি শিল্পপ্রতিষ্ঠানের প্রায় ১৫ হাজার শ্রমিক একত্র হয়ে গতকাল বিকেল পাঁচটায় মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, শতাধিক যানবাহন ও কয়েকটি দোকানপাট ভাঙচুর এবং অস্থায়ী পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। এ সময় কাঁচপুর পয়েন্ট থেকে দুই মহাসড়কের উভয় প্রান্তে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রূপগঞ্জ, বন্দর, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ, আর্মড পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া করলে শ্রমিকেরাও লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করে পাল্টা ধাওয়া করে। এ সময় পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে ও ব্যাপক লাঠিপেটা করে। শ্রমিক ও পুলিশের সংঘর্ষ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় সোনারগাঁ থানার ওসি মো. ইউনুস আলী, এসআই রেজাউল, এসআই জহির, এএসআই রহিম, কনস্টেবল মো. লিটন, নায়েক সোয়েব, নায়েক মনোয়ার হোসেনসহ ২০ পুলিশ আহত হন। শ্রমিকদের মধ্যে খায়রুল, আশরাফ, হাসনা, মজনু, শহিদ, হানিফ, আশিক, সোহেল, মিজান, রবি, খোদেজা, পারুল, নিপা, শরিফ, জসিম পথচারী জুয়েল, কাজল, শফিক, হাফিজ আহত হন। আহত ব্যক্তিদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদিকে অস্থায়ী পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে ডেমরা ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।সোনারগাঁ থানার ওসি ইউনুস আলী জানান, বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২৩টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের ১০টি শেল নিক্ষেপ করে। সন্ধ্যা সাড়ে সাতটার পর পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের বক্তব্য: সিনহা গ্রুপের শ্রমিক রশিদ ও মিল্লাত হোসেন জানান, শিল্পকারখানার পার্শ্ববর্তী বিভিন্ন বাড়িতে তাঁরা ভাড়া থাকেন। দীর্ঘদিন ধরে বাড়ির মালিকেরা ভাড়া স্থিতিশীল রাখার কথা বললেও কথা না রেখে এপ্রিল মাস থেকে ভাড়া বাড়ানো হয়েছে। কিন্তু কম আয়ের শ্রমিকদের পক্ষে বাড়তি ভাড়া দেওয়া সম্ভব নয়। তাঁদের এ আন্দোলন বাড়িভাড়া কমানোর জন্য, পোশাকমালিকদের বিরুদ্ধে নয়।এ ব্যাপারে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের বাড়ির মালিক আমিন মিয়া জানান, ‘বিদ্যুতের দাম বাড়ানোর কারণে আমাদের বাড়িভাড়া বাড়াতে হচ্ছে। শ্রমিকেরা আন্দোলন করলেও আমরা নিরুপায়।’