কাঁচপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পনগরের নয়াবাড়ি এলাকায় এসএফ ফ্যাশন গার্মেন্টেসের শ্রমিকেরা গতকাল মঙ্গলবার সকালে আবারও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে অর্ধশতাধিক গাড়ি ও একটি সিএনজি ফিলিং স্টেশনে ভাঙচুর চালিয়েছেন। এ সময় উত্তেজিত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শতাধিক শ্রমিক আহত হন। সংঘর্ষের সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেন। শ্রমিকেরা মহাসড়কে আড়াই ঘণ্টা অবরোধ করে রাখায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, এসএফ ফ্যাশনের বিভিন্ন ইউনিটে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিকেরা সম্প্রতি মালিকপক্ষের কাছে ঐচ্ছিক ছুটি ও হাজিরা বোনাস বাড়ানোর দাবি জানিয়ে বিক্ষোভ করলে মালিকপক্ষ এ দাবি মেনে নেন। এর পরও কিছু শ্রমিক বিভিন্ন সময় নতুন করে দাবি আদায়ের অজুহাতে কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ ঘটনায় গত সোমবার সকালে মালিকপক্ষ আটজন শ্রমিককে তাঁদের বেতন-ভাতা পরিশোধ করে চাকুরিচ্যুত করে। এ খবর কারখানার ভেতরে ছড়িয়ে পড়লে শত শত শ্রমিক কাজ বর্জন করে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেন। মালিকপক্ষ ওই দিন পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার উৎপাদন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। উৎপাদন বন্ধ করার পর গতকাল সকাল আটটায় শ্রমিকেরা আবারও এসএফ ফ্যাশনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন ও মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে সোনারগাঁ থানা ও কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে অবরোধ তুলে নিতে অনুরোধ জানালে উত্তেজিত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংর্ঘষ বাধে। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। শ্রমিকেরা পুলিশকে ধাওয়া করে পার্শ্ববর্তী তালুকদার সিএনজি ফিলিং স্টেশনে নিয়ে আধা ঘণ্টা আটকে রাখে। পরে উত্তেজিত শ্রমিকেরা ফিলিং স্টেশনটিতে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় শ্রমিকেরা মহাসড়কে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেন। কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসের (ময়মনসিংহ-ব-১১-০০২৬) যাত্রীদের বাস থেকে নামিয়ে এতে আগুন ধরিয়ে দেন। এদিকে সংঘর্ষের খবর পেয়ে বন্দর, রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও জেলার অতিরিক্ত পুলিশ এবং র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা, ২১ রাউন্ড রাবার বুলেট ও দুটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। সংঘর্ষে সোনারগাঁ থানার এসআই রেজাউল হক, কনস্টেবল দেলোয়ার হোসেন, শ্রমিক নার্গিস, লায়লা, সুফিয়া, মাসুদ, ইদ্রিস, সারোয়ার, পথচারী নূরুল হক ও সিরাজসহ শতাধিক লোক আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিক আমেনা ও আনোয়ার দাবি করেন, কারখানার মালিক বিনা কারণে কয়েকজন শ্রমিককে চাকুরিচ্যুত করেছেন। চাকরি পুনর্বহালের দাবি জানিয়ে শ্রমিকেরা মহাসড়কে বিক্ষোভ করতে গেলে পুলিশ শ্রমিকদের ব্যাপক লাঠিপেটা করেছে। এসএফ ফ্যাশনের ঊধ্বর্তন নির্বাহী কর্মকর্তা (নিরীক্ষা) জাফরুল হাসান জানান, শ্রমিকদের হাজিরা বোনাস ও ঐচ্ছিক ছুটি বাড়ানোর দাবি মেনে নেওয়া হয়েছে। তার পরও কয়েকজন উচ্ছৃঙ্খল শ্রমিক প্রতিনিয়ত কারখানার ভেতর বিভিন্ন অজুহাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিলেন। মালিকপক্ষ তাঁদের মধ্য থেকে আটজন শ্রমিককে চিহ্নিত করে তাঁদের বেতন-ভাতা পরিশোধ করে চাকুরিচ্যুত করে। ছাঁটাই হওয়া ওই শ্রমিকেরা এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য দায়ী।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, বিভিন্ন যানবাহন, সিএনজি পাম্প ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় সোনারগাঁ থানার এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২১টি রাবার বুলেট ও দুটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপে প্রায় ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।