কাঁচপুরে সিনহা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বন্ধ হয়ে যাওয়া ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকদের সঙ্গে আজ মঙ্গলবার পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এসময় সোনিয়া আক্তার (২৬) নামের এক নারী শ্রমিক নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল আটটার দিকে শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হতে থাকে। এসময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার জন্য ধাওয়া করলে সোনিয়া মহাসড়কে বাসের চাপায় নিহত হন। এরপর শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে মহাসড়কটি দুই ঘণ্টা অবরোধ করে রাখে এবং অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর করে। এসময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুণ অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের পোশাক কারখানার ১৩টি ইউনিটে প্রায় ৪৫ হাজার শ্রমিক কাজ করেন। সম্প্রতি ওই গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সিনহা ডেনিম লিমিটেডে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পর এবং কিছু শ্রমিক অনৈতিক কাজে জড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ ১২৬ জন শ্রমিককে চাকরিচ্যুত করার ঘোষণা দেয়। চাকরিচ্যুতদের বকেয়া টাকা স্থানীয় কাঁচপুর শিল্পাঞ্চল জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল মান্নানের মাধ্যমে শ্রমিকদের পরিশোধ করা হচ্ছে। কিন্তু আবদুল মান্নান অল্প কিছু টাকা শ্রমিকদের দিয়ে বাকি টাকা আত্মসাত্ করেছেন বলে শ্রমিকেরা অভিযোগ করেন। অনেক শ্রমিক এর প্রতিবাদ করায় মান্নানের পক্ষ হয়ে স্থানীয় সন্ত্রাসীরা শ্রমিকদের মারধর করে।শ্রমিকদের চাকরিচ্যুত ও তাঁদের পাওনা টাকা আত্মসাত্ এবং শ্রমিক নির্যাতনের খবর কারখানার বিভিন্ন ইউনিটে ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তাঁরা ১৩টি ইউনিটের কারখানায় অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর করে। পরে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।