কাঁচপুরে ৩০-৪০টি গাড়ি ভাঙচুর
নারায়ণগঞ্জের কাঁচপুর ও মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ৩০-৪০টি যানবাহন ভাঙচুর করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুলিশের ১৫ জন সদস্য এবং ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হরতালের প্রথম দিনে আজ রোববার ফজরের নামাজের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কর্মীদের সমবেত হওয়ার অনুরোধ জানান। সকাল সাতটায় সোনারগাঁ বন্দর ও আড়াই হাজার উপজেলার নেতা-কর্মীরা মহাসড়কের কাঁচপুর ও মদনপুরে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময় তাঁরা মহাসড়কে ৩০-৪০টি যানবাহন ভাঙচুর করেন। মহাসড়কের উভয় পাশে বিপণিবিতান ও দোকান পাটে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেন। হরতাল আহ্বানকারী বিভিন্ন ইসলামী দলের নেতা-কর্মীরা সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন।পিকেটারদের ইটের আঘাতে আহত সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে হরতালকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে থানার দ্বিতীয় কর্মকর্তা (এসআই) রেজাউল হকসহ পুলিশের ১৫ জন সদস্য আহত হন।অন্যদিকে ইসলামী আন্দোলনের কাঁচপুর ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন মিয়া দাবি করেন, পুলিশের লাঠির আঘাতে দলের ১২ জন নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন।