কাঁচা অংশটুকুর জন্য চলাচলই করা যাচ্ছে না রাস্তাটিতে
রাজশাহীর বাগমারার ঝিকড়া ইউনিয়নের ভবানীগঞ্জ-দমদমা সড়কটি দিয়ে চলাচলকারী ব্যক্তিদের ভোগান্তি চরমে উঠেছে। এমনিতেই ঝিকড়া ইউনিয়নের যোগাযোগব্যবস্থা উপজেলার অন্য ইউনিয়নগুলোর চেয়ে খারাপ। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে গেলে ইউনিয়নবাসীর দুর্ভোগ চরমে ওঠে। খোঁজ নিয়ে জানা গেছে, ইউনিয়নটির অধিকাংশ রাস্তাঘাট কাঁচা। শুষ্ক মৌসুমে কোনো রকমে চলা গেলেও বর্ষায় ভোগান্তির শেষ থাকে না। এর মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় ভবানীগঞ্জ-দমদমা সড়কে চলতে গিয়ে। বাগমারার সঙ্গে আত্রাই উপজেলার সহজ যোগাযোগের জন্য সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এ সড়কের মাধ্যমে আত্রাই উপজেলার সঙ্গে বাগমারার দ্বীপপুর, বড়বিহানালী এবং ঝিকড়া ইউনিয়নবাসী সহজে যোগাযোগ রক্ষা করতে পারে। সড়কটি দিয়ে ইউনিয়নবাসী তাদের উৎপাদিত পণ্যসামগ্রী নিকটবর্তী নওগাঁর আহসানগঞ্জ হাটে বিক্রি করতে নেয়। কিন্তু ১৫ কিলোমিটার দীর্ঘ সড়কটির চার কিলোমিটার অংশ এখনো পাকা করা হয়নি। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) দপ্তর সূত্রে জানা যায়, অর্থ বরাদ্দ না পাওয়ায় সড়কের এ অংশটুকু পাকা করা যায়নি। এদিকে দীর্ঘ প্রায় সাত বছরেও সড়কের এই অংশটুকু পাকা না হওয়ায় এ পথে চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ভারী ও হালকা যানবাহন চলাচল করতে পারে না সড়কটি দিয়ে। বাইসাইকেল, মোটরসাইকেল ও কেবল ভ্যানগাড়ি চলাচলা করে। বারইপাড়া গ্রামের বাসিন্দা ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কাশেম জানান, সড়কের কাঁচা অংশজুড়ে রয়েছে অসংখ্য খানাখন্দ। এ ছাড়া অনেক স্থানে দুই পাশের মাটি ধসে গেছে। সড়কটির এ অবস্থার কারণে লোকজনকে অতিরিক্ত ১৭ কিলোমিটার পথ ঘুরে চলাচল ও মালামাল বহন করতে হয়। মরুগ্রামের বাসিন্দা সাইদুর রহমান জানান, মাত্র চার কিলোমিটারের জন্য পুরো সড়কটিই চলার অযোগ্য হয়ে গেছে। তাঁরা নিরুপায় হয়ে অতিরিক্ত পথ ঘুরে আত্রাইয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। ঝিকড়ার ভ্যানচালক আফসার আলী জানান, বৃষ্টি হলে তাঁরা সড়ক দিয়ে আর চলাচল করতে পারেন না। এ ছাড়া সড়কের বেহাল অবস্থার কারণে মালামাল বহন করা যায় না। উপজেলার চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, সড়কটি কেন পাকা করা হচ্ছে না, তা তিনি খোঁজ নিয়ে দেখবেন। উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘আমরা সড়কের অবশিষ্ট অংশ (ঝিকড়া মাদ্রাসা থেকে বারইপাড়া পর্যন্ত) পাকা করতে প্রয়োজনীয় নকশা প্রস্তুত করেছি। এ অংশের কাজ করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে প্রধান প্রকৌশলীর কাছে চিঠি পাঠিয়েছি। অর্থ পাওয়া গেলে কাজ শুরু করা হবে।’ উপসহকারী প্রকৌশলী প্রদীপ কুমার সিংহ জানান, সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। তাঁরাও দ্রুত কাজটি করার ব্যাপারে আগ্রহী। আগামী অর্থবছরে বরাদ্দ পাওয়া যাবে বলে আশা করছেন।