কাঁচা আম, দামও চড়া
কক্সবাজারের টেকনাফে পুরাতন বাসস্ট্যান্ড বাজারে বছরের নতুন ফল কাঁচা আম আসতে শুরু করেছে। মৌসুমের প্রথম ফল ও তীব্র গরম পড়ার কারণে এ কাঁচা আমের চাহিদা বেশি থাকায় চড়া দামে বিক্রি হচ্ছে।গত ১৮ মার্চ শুক্রবার সকাল ১০টায় টেকনাফ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় টেকনাফ সদর ইউনিয়নের হাতিঘোনা গ্রামের সোলতান আহমদের ছেলে জাকির হোসেন জানান, তাঁদের বাগানবাড়ির কয়েকটি গাছে ভালো আম হয়েছে। সেখান থেকে তিনি চারটি ঝুড়িতে করে ছোট-বড় মিলিয়ে এক হাজার ১৫৩টি আম (প্রায় ১১০ কেজি) টেকনাফ বাজারের নিয়ে আসেন। মুহূর্তের মধ্যে ফরিদ আলম নামে একজন ব্যবসায়ী আমগুলো প্রতি কেজি ১৩৫ টাকা দরে কিনে নেন।ব্যবসায়ী ফরিদ আহমদ বলেন, ‘প্রতি বছর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তিনি আগাম ফল কিনে এনে হাট-বাজারে বিক্রি করে আসছি। আম সংগ্রহ করে ছোট আকারের প্রতি কেজি আম ১১০ থেকে ১২০ টাকা ও বড় আকারের প্রতি কেজি ১৫০ থেকে ১৭০ টাকায় বিক্রি করি। মৌসুমের প্রথম ফল বাজারে আসায় ক্রেতাদের প্রচুর চাহিদা রয়েছে।’স্থানীয় ব্যবসায়ী আবদুর রহমান বলেন, ‘চৈত্র মাসে সাধারণত আম বাজারের আসার কথা নয়। কিন্তু নতুন ফল এবং এ গরমে কাঁচা আমের ভর্তা ও জুস খুবই ভালো লাগে; তাই দাম বেশি হলেও পাঁচ কেজি কিনেছি।’ তিনি আরও বলেন, ‘মাছের সঙ্গে টক হিসেবে কাঁচা আম দিলে খেতে ভালো লাগে।’টেকনাফ সদর ইউনিয়নের হাতিরঘোনা গ্রামের আমের বাগানের মালিক জাকির হোসেন বলেন, ‘বাড়ির আঙিনায় ১৫টি আমগাছে ব্যাপক ফলন হয়েছে। এর মধ্যে পাঁচটি গাছের আম বড় আকারের হওয়াই বিক্রির জন্য বাজারের নিয়ে এসেছি। এগুলো বিক্রি করে ১৪ হাজার ৮৫০ টাকা পেয়েছি।’ গত বছর এসব গাছ থেকে প্রায় আড়াই লাখ টাকার আম বিক্রয় করেছেন বলে তিনি প্রথম আলোকে জানান।আমচাষ প্রসঙ্গে জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রায় নয়-দশ বছর আগে পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের মংডু শহরের নাকফুরা এলাকায় এক নিকটাত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখানকার পাহাড়গুলোয় প্রচুর আমের বাগান দেখে আমিও উদ্বুদ্ধ হই। সেখানকার বাগান-মালিকদের সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা বলি। তাঁরা আমাকে কিছু পরামর্শ দেন। সে অনুযায়ী সেখান থেকে ২৫টি গাছের চারা নিয়ে এসে বাড়ির আঙিনায় রোপণ করি। ছয় বছর পর থেকে কয়েকটি গাছে আমের ফলন হলেও এখন সবগুলো গাছে প্রতি বছর ভালো ফলন আসছে।’ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল গফুর মোল্লা বলেন, গত দুই-এক মাস আগে উপজেলার অধিকাংশ আমগাছে মুকুল এসেছে। এ সময় বাজারে আম আসার খবরটি অবিশ্বাস্য হলেও জলবায়ু পরিবর্তনের ফলে আগাম আমের পাশাপাশি কাঁঠালও বাজারে আসতে শুরু করেছে।