কাঁচা কলিজা খেতে মানা
কাঁচা মাছখেকো বলে দুনিয়াজুড়ে পরিচিতি আছে জাপানিদের। শুধু মাছ কেন, কাঁচা মাংসও খায় তারা। খায় কাঁচা কলিজাও। আর এখানেই বেঁধে গেছে বিপত্তি। কাঁচা কলিজা খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচজন। গুরুতর অসুস্থ হয়েছে ২৪ জন। গত বছরের এসব ঘটনায় গত রোববার কর্তৃপক্ষ নির্দেশ জারি করেছে, কলিজা আর কাঁচা খাওয়া যাবে না। আজ মঙ্গলবার রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।জাপানে কাঁচা কলিজা খেয়ে অসুস্থ হওয়া ও প্রাণহানি ঘটার ঘটনা ঘটে গত বছর। কিনতান নামের টোকিওর একটি চেইন রেস্তোরাঁয় গরুর কাঁচা কলিজা খেয়ে কয়েক দফা অসুস্থ হওয়ার ঘটনা ঘটে। এতে পাঁচজনের মৃত্যু হয়। অসুস্থ হয় ২৪ জন। এরই পরিপ্রেক্ষিতে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে গত রোববার থেকে রেস্তোরাঁর খাদ্যতালিকা থেকে এই কাঁচা কলিজা বাদ দেওয়ার নির্দেশ জারি করা হয়।খবরে বলা হয়, জাপানের বিভিন্ন রেস্তোরাঁয় গরুর কাঁচা কলিজার টুকরা পেঁয়াজ ও সস দিয়ে পরিবেশন করা হয়। জাপানিরা এ খাবার খুব পছন্দ করে। এ কারণে খাবারটির চাহিদাও বেশি। রেস্তোরাঁয় কাঁচা কলিজা খেতে আসা ৩৮ বছর বয়সী ইওশিকো মিকি বলেন, ‘কলিজা রান্না করলে একটু শক্ত হয়ে যায়। এ জন্য এটি কাঁচা খাওয়াটা খুব সহজ।’জাপানের ফুড অ্যানালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য চিহারু সাইতো বলেন, বাজারে কাঁচা খাওয়ার মতো বিভিন্ন ধরনের মাংস পাওয়া যায়। এর মধ্যে গরুর কলিজা সবচেয়ে বেশি জনপ্রিয়। তিনি বলেন, ‘এ কারণে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও অনেক বেশি। এ কারণে এই খাবারটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে মনে করি।’জাপানের একটি রেস্তোরাঁর ব্যবস্থাপনা প্রধান ইউইচি কামাতা বলেন, রেস্তোরাঁয় খেতে আসা প্রায় ৯০ শতাংশ ক্রেতা খাবারটি খেতে আসেন। আর গরুর কাঁচা কলিজার প্রতি প্লেটের মূল্য এক হাজার ৮০০ ইয়েন (২৩ মার্কিন ডলার)। জনপ্রিয় এই খাবারটিকে একেবারে হারিয়ে যেতে দিতে রাজি নন কামাতা। পুরোপুরি সেদ্ধ না হলেও খেতে আসা লোকজনের সামনে আধা সেদ্ধ কলিজা হাজির করার নতুন পরিকল্পনা করছেন তিনি।