কাঁচা গাব পাকা গাব
খেলার ছলে একনাগাড়ে দ্রুতগতিতে ‘কাঁচা গাব, পাকা গাব’ বলতে গিয়ে কম হেনস্তা হতে হয়নি ছোটবেলায়। হয়তো কেউ কেউ গাব নামের সেই ফলটার ওপর খেপেও গেছেন। কিন্তু এই বর্ষায় যদি পারেন, তাহলে একটা বিলাতি গাব হাতে তুলে নিন। নাকে ঠেকিয়ে ঘ্রাণটা শুঁকুন। দেখবেন, ক্ষোভ-রাগ সব কোথায় উবে গেছে!সবকিছু থেকে গাবের ঘ্রাণটা হলো আগে। এমন সুন্দর মিষ্টি ঘ্রাণ, ঘ্রাণের এমন মাদকতা সচরাচর অন্য কোনো ফলে দেখা যায় না। শুধু এই ঘ্রাণটার জন্যই গাব ফলটাকে গবগব করে খেয়ে ফেলতে ইচ্ছে করে। দেশে উৎপন্ন হলেও এই ফলটার নাম কিন্তু সবাই বলে বিলাতি গাব। দেখতে উজ্জ্বল লাল। স্বাদ হালকা মিষ্টি। খোসা বেশ শক্ত আর পুরু। গায়ের রং দেখে কাঁচা, পাকা বোঝাটা কঠিন। তাই গাব কিনতে হয় টিপে টিপে। কেননা কাঁচা অবস্থায় এ ফলটা খানিকটা শক্ত থাকে।সপ্তাহখানেক হলো শহরের সব বাজারের ফল কিংবা তরিতরকারির দোকানে মিলছে বিলাতি গাব। থাকবে আরও সপ্তাহ তিনেক। দাম অবশ্য খুব বেশি নয়। আকৃতি ভেদে ৩০-৫০ টাকা কেজি। বিক্রেতাদের সঙ্গে কথা বলে গাবের তেমন কোনো ঔষধি গুণের খবর অবশ্য বের করা গেল না। তবে একজন বিক্রেতা জানালেন, গাবের কষে নাকি আমাশয় ভালো হয়। পেটও পরিষ্কার হয়। সারা দেশে কমবেশি পাওয়া যায় এ ফলটা। তবে বরিশালে ও যশোর থেকেই নাকি সবচেয়ে বেশি গাব আসে শহরে।