কাঁচা চামড়া পাকা করার মৌসুম শুরু হাজারীবাগের ট্যানারিপাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারীবাগের ট্যানারি এলাকায় চামড়ার দুর্গন্ধে বাতাস ভারী হয়ে আসে। ট্যানারিতে চামড়া প্রক্রিয়াজাত করার দীর্ঘমেয়াদি নানা কাজ সম্পন্ন হয় বলে এখানে দুর্গন্ধের মাত্রা বেশি, এমনটাই জানালেন একাধিক ট্যানারির কর্মকর্তা-কর্মচারী। নগরের বেশির ভাগ কাঁচা চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার প্রাথমিক কাজগুলো হয় পোস্তায়। তারপর সেই চামড়া চলে আসে হাজারীবাগের ট্যানারিতে। তাই ঈদুল আজহার পরই ব্যস্ত হয়ে উঠছে ট্যানারিগুলো। অভিজ্ঞ ও অনভিজ্ঞ দুই রকমের শ্রমিকই কাজ করছে এখানে।পোস্তার আড়তদার আমিন ব্যাপারি চামড়া নিয়ে এসেছেন হাজারীবাগে। তিনি বলেন, ‘আড়তে প্রতিদিন চামড়া রাখতে আলাদা খরচ গুনতে হয়। এ জন্য যত তাড়াতাড়ি পারি গুদামঘর খালি করতেছি।’হাজারীবাগের শেরেবাংলা রোড ঘুরে দেখা গেছে, পিকআপ ভ্যান, রিকশাভ্যান আর ঠেলা গাড়ির ভিড়। এর কোনোটায় রয়েছে লবণ মাখানো চামড়া, কোনোটায় ড্রামভর্তি সব রাসায়নিক পদার্থ। হাজারীবাগের এইচ অ্যান্ড এইচ লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভেতরে শ্রমিকদের ব্যস্ততা। কাঠের একটা পাটাতনের ওপর পা ফেলে চলাচল করতে হচ্ছে। কারণ নিচে জমে আছে রক্ত মাখানো লবণ। ভারী যন্ত্রপাতির শব্দ আর চামড়ার দুর্গন্ধে সেখানে অসহনীয় পরিবেশ তৈরি হয়েছে। এখানকার চামড়া-শ্রমিক আবু আলম জানান, এ বছর এক থেকে দেড় লাখ চামড়া পাকা করায় প্রস্তুত রয়েছে ট্যানারিটি। তবে পোস্তা আর আমিনবাজার থেকে চামড়া এখনো পুরোপুরি আসেনি। পুরো ডিসেম্বর মাস চামড়া আসতে থাকবে এখানে।অন্যদিকে তাজ ট্যানারির ছোট্ট চৌবাচ্চায় রাখা রাসায়নিক পদার্থে হাত ডুবিয়ে চামড়া নাড়ছিলেন মোহাম্মদ কামাল নামে এক শ্রমিক। হাতে দস্তানা ছাড়া কাজ করার কারণ জানতে চাইলে তিনি বলেন, দস্তানা ইচ্ছে করে খুলে রেখেছেন। কারণ এভাবে খালি হাতে কাজ করতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন তিনি। হাজারীবাগের চামড়া-শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মালেক জানান, কোরবানির পর চামড়াশিল্পে যে পরিমাণ কাজের চাপ বাড়ে, তার জন্য অনেক সময় পুরোপুরি স্বাস্থ্য নিরাপত্তার দিকে খেয়াল রাখা সম্ভব হয় না। এ জন্য মালিক-শ্রমিক সবার সচেতন হওয়ার দরকার বলে তিনি মনে করেন।ট্যানারিশিল্প ঘিরে গড়ে ওঠা হাজারীবাগের রাসায়নিক দ্রব্যের দোকানগুলোও এখন জমজমাট। এখন পর্যন্ত লবণই বেচাকেনা হচ্ছে এসব দোকানে। চামড়া পাকা করার মূল কাজ শুরু হলেই দরকার হবে রাসায়নিক পদার্থের। সেগুলোর জোগান আসবে এখান থেকে। বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সদস্য এবং বে ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক শামসুর রহমান বলেন, ঈদুল আজহার সংগৃহীত চামড়া প্রক্রিয়াজাত করার কাজটি ২০১২ সালের জুন মাস পর্যন্ত চলবে।