কাঁচা মরিচের কেজি ৪ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় কাঁচা মরিচের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম অস্বাভাবিকভাবে কমে গেছে। প্রতি কেজি মরিচ দুই থেকে চার টাকা কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। এতে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন তাঁরা।বগুড়া কৃষি বিভাগ সূত্র জানায়, ঝাল বেশি হওয়ায় বগুড়ার মরিচের সুনাম দেশজুড়ে। মূলত দুটি মৌসুমে জেলায় মরিচের চাষ হয়। গত রবি মৌসুমে (অক্টোবর থেকে ডিসেম্বর) জেলায় ১৫ হাজার ৮৫৩ মেট্রিক টন মরিচ উৎপাদন হয়। এখন বাজারে আসছে গ্রীষ্মকালীন/খরিপ মৌসুমের (মার্চ থেকে মে পর্যন্ত লাগানো) মরিচ। সদর, শিবগঞ্জ, শেরপুর, গাবতলী, শাহজাহানপুর ও শেরপুর উপজেলার ৫২৫ হেক্টর জমিতে এ মরিচ লাগানো হয়েছে। সরকারি হিসাবে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৮৭৮ মেট্রিক টন। প্রতি বিঘায় ৪০ মণেরও বেশি মরিচ উৎপাদন হচ্ছে।বগুড়ার মহাস্থান, গাবতলী উপজেলার পীরগাছা ও সদরের পল্লি মঙ্গলহাটে বসে মরিচের সবচেয়ে বড় হাট। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সেখানে বেচা-কেনা চলে। আশপাশের এলাকা থেকে শত শত কৃষক আসেন মরিচ নিয়ে। গত রোববার হাটগুলো ঘুরে দেখা গেছে, মরিচের সরবরাহ প্রচুর। তবে দাম কম।মহাস্থান হাটের পাইকারি ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, শনিবার তিনি চার টাকা কেজিতে মরিচ কিনেছেন। এর দুই দিন আগে কিনেছেন দুই টাকা কেজিতে। আরেক ব্যবসায়ী আনোয়ার হোসেন বললেন, ‘দুই সপ্তাহ ধরে মরিচের দাম অস্বাভাবিকভাবে কমে গেছে। অথচ গত বছর এ সময়ে মরিচের দাম ছিল ৭০-৮০ টাকা কেজি।’বগুড়ার এই মরিচ ঢাকা, খুলনা, বরিশাল, পিরোজপুর, মেহেরপুরসহ দেশের দক্ষিণাঞ্চলে যাচ্ছে বলে জানালেন ব্যবসায়ী মিঠু মিয়া।বগুড়ার গাবতলীর পীরগাছা হাটের ব্যবসায়ী আল আমিন বলেন, এবার অন্য জেলায়ও মরিচের আবাদ ও ফলন বেশি হয়েছে। এ কারণে দাম কমে গেছে।গত বুধবারও হাটগুলোতে চার টাকা কেজি দরে মরিচ বিক্রি হয়েছে। এই মরিচ খুচরা বাজারে আট থেকে ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানালেন বগুড়ার রাজাবাজারের ব্যবসায়ী শাহাদৎ বলেন।মহাস্থান এলাকার কৃষক আফজাল বলেন, তিনি ২০ হাজার টাকা খরচ করে দুই বিঘা জমিতে মরিচ লাগিয়েছেন। প্রতি বিঘায় প্রায় দেড় হাজার কেজি মরিচ হচ্ছে। সে হিসাবে প্রতি কেজি মরিচ চাষাবাদে খরচ হয়েছে সাড়ে ছয় টাকার বেশি। এর ওপর মরিচ তোলা ও হাটে নেওয়ার খরচ আছে। চার টাকা কেজি দরে মরিচ বিক্রি হওয়ায় খেতের মরিচ খেতেই রেখে দিয়েছেন। এ কারণে কাঁচা মরিচ জমিতেই লাল হয়ে ঝরে যাচ্ছে।একই এলাকার কৃষক আবদুস সোবহান বলেন, মরিচ এখন তাঁদের গলার ফাঁস।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়ার উপপরিচালক একরাম হোসেন বলেন, কয়েকটি কোম্পানি বগুড়া থেকে মরিচ কিনলেও বগুড়ায় কোনো প্রক্রিয়াজাতকরণ কারখানা নেই। ওই কারখানা বগুড়ায় হলে কৃষকেরা ন্যায্য দাম পাবেন। আবার মরিচ সংরক্ষণের জন্য এখানে কোনো হিমাগার নেই। এ ব্যাপারে ব্যবসায়ীদের উদ্যোগ নেওয়া দরকার।