কাঁচা রাস্তা পাকা আর হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভোট অ্যালেই হামাকেরে খোঁজখবর ল্যায় সগলি। তারপর কারোরই কোনো পাত্তা পাওন যায় না। ইংক্যারাই চলে হামাকেরে জীবন। হামাকেরে গয়াবান্ধা-আলতাফনগর রাস্তা পাকা করার কতা সগলি কয়। খারাপ রাস্তার জন্যি কোনো রিকশা-ভ্যান পর্যন্ত এই রাস্তা দিয়্যা যাবার চায় না। পায়ে হ্যাঁটাই চলে হাটবাজার, ইস্কুল।’ দুপচাঁচিয়ার নওদাপাড়া গ্রামের তসলিম উদ্দিন (৫৩) এ কথাগুলো বলেন।দুপচাঁচিয়া-তালোড়া সড়কের গয়াবান্ধা-বালুকাপাড়া হয়ে আলতাফনগর বাজারে গেছে এই কাঁচা রাস্তাটি। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এ রাস্তা দিয়ে আট-নয় গ্রামের সাত-আট হাজার মানুষ চলাচল করে। গ্রামগুলো হলো—তাল্লা, শল্যাপাড়া, নওদাপাড়া, ফেঁপিড়া, নলঘড়িয়া, খানপুর, কঞ্চিগাড়ি, দেবড়াশন ও বালুকাপাড়া। বর্ষায় রাস্তাটি দিয়ে কোনো যানবাহন চলাচল না করায় গ্রামবাসী মাথায় অথবা ভাঁড়ে করে তাদের উৎপাদিত পণ্য হাটবাজারে নেয়। রাস্তাটি পাকা হলে দুপচাঁচিয়া সদর, গয়াবান্ধা, তালোড়া বাজারের লোকজন কম সময়ে এবং সহজে আলতাফনগর হয়ে কুন্দুগ্রাম বাজারে যাতায়াত করতে পারত। কিন্তু বর্তমানে ১৫-১৬ কিলোমিটার পথ বেশি ঘুরে বিকল্প পথে তাদের চলাচল করতে হয়। রাস্তাটি আগে তালোড়া ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে ছিল। বর্তমানে রাস্তাটি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) তত্ত্বাবধানে রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় রাস্তাটির বিভিন্ন স্থান খানাখন্দ ও গর্তে ভরে গেছে। সরেজমিনে দেখা যায়, গরুর গাড়ি বেশি চলাচল করায় রাস্তার দুই ধারে নালার মতো গর্ত হয়েছে। রাস্তাটিতে বেশ কিছুদিন ধরে কোনো মাটি ফেলানো হয়নি। কঞ্চিগাড়ি গ্রামের আশরাফ আলী (৫৫) বলেন, ‘অনেক দিন হলোই শুনিচ্ছি হামাকেরে এই রাস্তাত ইটা (ইট) ফেলাবে। কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। আগে তাও ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যানেরা কমবেশি মাটি কাটার কাজ করিচে। একন সেডাও বন্ধ হয়্যা গ্যাছে।’দেবড়াশন গ্রামের কৃষক আলীমুদ্দিন প্রাং বলেন, ‘হামরা আট-দশ গ্রামের কৃষক ধানের পাশাপাশি সারা বছরই শাকসবজি ও তরিতরকারি আবাদ কর‌্যা থাকি। প্রতিদিন এগুলা লিয়্যা হাটবাজারত যাওয়া লাগে। কিন্তু রাস্তার জন্যি কোনো রিকশা-ভ্যানও চলে না। বাধ্য হয়্যা ভারত (ভাঁড়), না হয় মাথাত কর‌্যা জিনিসপত্র লিয়্যা হাটবাজার করি।’ নলঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী বলেন, আশপাশের কয়েক গ্রামের ছেলেমেয়ে এই বিদ্যালয়ে পড়াশোনা করে। কিন্তু রাস্তার জন্যই ছেলেমেয়েরা ঠিকমতো আসতে চায় না। বর্ষায় এত বেশি কাদা হয় যে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকে নেমে আসে। তালোড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবদুল মালেক সরদার বলেন, রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে থাকার সময় প্রতিবছরই মাটি কাটা হতো। এখন আমাদের তত্ত্বাবধানে নেই। তার পরও এটি পাকা করতে উপজেলা প্রকৌশল বিভাগকে অবহিত করা হয়েছে। উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায় বলেন, ‘রাস্তা পাকা করতে এমপি সাহেবের কাছে প্রকল্প জমা দেওয়া হয়েছে। বরাদ্দ পেলেই রাস্তাটি পাকা করা হবে।’