কাঁচাবাজারে কিছুটা স্বস্তি কমেছে সবজির দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনির সঙ্গে কাঁচাবাজারের হয়তো একটা সম্পর্ক আছে। তা না হলে চিনির দাম কমার সঙ্গে সঙ্গে তরিতরকারির দাম কিছুটা কমবে কেন?বাজার থেকে প্রায় চার দিন উধাও ছিল চিনি। বাজারও ছিল চড়া। এমনকি কাঁচাবাজারেও ছিল আগুন। সব ধরনের সবজি বিক্রি হয়েছিল কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি দামে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বাজারে ফিরে আসে চিনি। একই সঙ্গে তরিতরকারির বাজারের আগুনও অনেকটাই নিভে গেছে। বিক্রেতাদের ভাষ্য, ১৫-২০ দিন আগে টানা বর্ষণে দেশের অনেক স্থানের তরিতরকারি ভেসে গিয়েছিল। এতে ব্যাহত হয় সবজি উৎপাদন। তা ছাড়া মজুদ থাকা অনেক সবজি পচে যায়। এর সঙ্গে যুক্ত হয় টানা হরতাল। সে কারণে কিছুদিন সবজির বাজার ছিল চড়া। এখন বৃষ্টি কমেছে। হরতালের ঘোষণা নেই। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজির সরবরাহ বেড়েছে। তাই কমে এসেছে দামও।সবজির দরদাম: গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার ও হাতিরপুল কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, গত দুই সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দাম কমেছে।কাঁচাবাজার দুটিতে কেজিপ্রতি আলুর দাম ১৪ থেকে ১৫ টাকা, কাঁকরোল ৩০, পটোল ২৫, বেগুন ২৫ থেকে ৩০, টমেটো ৬০, শসা ২০ থেকে ২৫, করলা ৩০ থেকে ৪০, বরবটি ৩০, পেঁপে ১৫ থেকে ২০, ঢ্যাঁড়স ২৫, কচুমুখী ২০, চিচিঙ্গা ২০ থেকে ২৫ এবং গাজর ৪০ টাকা। বগুড়ার লাল আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি। ছোট বাঁধাকপির দাম ১০ থেকে ১৫ টাকা।বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। কোনো বিক্রেতা হাঁকছেন ৪০, কেউ আবার চাইছেন ৫০। তাই মরিচের দাম যে আসলে কত, সে বিষয়ে দ্বিধায় পড়তে হয়। ধনেপাতা বিক্রি হচ্ছে ১০০ গ্রাম ২০ টাকায়। গন্ধ লেবুর (এলাচি) দাম ৩০ থেকে ৪০ টাকা হালি। ছোট কাগজি লেবুর হালি ১০ টাকা।পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। চীনা রসুন ৭০। চীনা আদা ৮০ ও দেশি ১২০ টাকা। তবে পুরান ঢাকার নয়াবাজারে সবজির দাম কিছুটা চড়া। এখানে গতকাল কেজিপ্রতি পেঁয়াজ ৩৬, টমেটো ৬০, ঢ্যাঁড়স ৩০ থেকে ৩২, আলু ১৬, বেগুন ৪০, কাঁচামরিচ ৬০ টাকায় বিক্রি হয়েছে।কয়েক ধরনের শাকের আগমনও ঘটেছে কারওয়ান বাজারে। লাউ ও পুঁইশাকের আঁটি ১৫ টাকা। লালশাকের আঁটি আট টাকা। কচুশাকের পাঁচটি আঁটি ১০, শাপলা ও কলমির তিন আঁটি ১০ টাকায় বিক্রি হচ্ছে।হাতিরপুল বাজারের বিক্রেতা মজিবুর রহমান বলেন, সবজির দাম অনেক কমেছে। কারণ গ্রাম থেকে এখন প্রচুর সবজি ঢাকায় আসছে। তবে কয়েক দিনের মধ্যে দাম বাড়ার আশঙ্কাও করছে কেউ কেউ। কারওয়ান বাজারের বিক্রেতা মো. খলিলুর রহমান বলেন, ‘দাম বাড়বে, আবার কমবে। সামনে আরও বাড়তে পারে। রমজান আসছে। যদি আবার বৃষ্টি শুরু হয়, তাহলে তো দাম বাড়বে।’মাংস ও মুরগি: ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) বেঁধে দেওয়া দর অনুযায়ী, প্রতি কেজি দেশি গরুর মাংস ২৭০ ও বিদেশি গরুর মাংস ২৫০, মহিষের মাংস ২৪০, খাসির মাংস ৪০০, বকরি ও ভেড়ার মাংস ৩৫০ টাকায় বিক্রি হওয়ার কথা।কারওয়ান বাজারে গিয়ে গতকাল গরুর মাংস ২৭০ ও খাসির মাংস ৪২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। পুরান ঢাকার ধূপখোলা বাজারে গরু ও খাসির মাংসের দাম ছিল ২৭০ ও ৪০০ টাকা।তবে ব্রয়লার মুরগির দাম কমেছে। কারওয়ান বাজারে এর দাম ছিল ১৩০ থেকে ১৪০ টাকা। নয়াবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি। আর দুই বাজারেই দেশি মুরগির দর ২৩০ থেকে ২৫০ টাকা।অনেকটাই স্বাভাবিক চিনি: সরকার-নির্ধারিত ৬৫ টাকায় এখন অনেক দোকানে চিনি বিক্রি হচ্ছে। কারওয়ান বাজার, হাতিরপুল, পলাশী বাজারসহ বিভিন্ন স্থানের দোকানগুলোতে এই দামে চিনি বিক্রি করতে দেখা গেছে। তবে ভিন্ন চিত্রও আছে। অনেক পাড়ার দোকানে বেশি দামে বিক্রি হচ্ছে চিনি। খোলা সয়াবিন এখনো কম: খুচরা দোকানে এখনো খোলা সয়াবিন তেল কম। এসব দোকানে বেশি বিক্রি হচ্ছে বোতল ও প্যাকেটজাত তেল। বোতলজাত সয়াবিন তেলের দাম পড়ছে লিটারে ১২০ থেকে ১২৫ টাকা। আর খোলা তেল বিক্রি হচ্ছে ১০৯ থেকে ১১৩ টাকায়।