কাঁটা আর ফুলের অভ্যর্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হ্যালো ভাই, প্লিজ আর টাইগার বলবেন না, ইঁদুর কিংবা বিড়াল বলবেন। ...যা খেলেছে তাতে ওদের আর টাইগার বলা যায় না।’ টেলিফোনের রিসিভার রাখতে না রাখতেই আরেকটি ফোন, ‘একটা ম্যাচ জিতলেই সরকার গাড়ি দেয়, ফ্ল্যাট দেয়, প্রধানমন্ত্রী পাঠান মিষ্টি। এবার তাঁরা কী দেবেন, কী পাঠাবেন?’গেইলরা তখনো ৫৯ রানের লক্ষ্যটা ছুঁয়ে ফেলেননি। ঠিক এ সময় আরও একটি ফোন, ‘ভাইয়া, আপনাদের মাধ্যমে ক্রিকেটারদের কাছে একটা কঠিন বার্তা দিতে চাই।’ এরই মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ফোন করে রাগে-ক্ষোভে কাঁপা কাঁপা কণ্ঠে এক মাঝবয়সী সমর্থক বলতে লাগলেন, ‘একদল জুয়াড়ি নাকি বাংলাদেশে এসেছে, এই খবর পাওয়ার পরও খেলোয়াড়দের কেন হোটেল থেকে বাসায় যেতে দেওয়া হলো?’ আরেকজন বললেন, ‘দয়া করে বড় বড় খেলোয়াড়ের সঙ্গে ওদের তুলনা করবেন না।’অনেক রাত অবধি আসতে থাকল ফোন, তাতে ক্ষোভের আগুন। ঢাকা থেকে একজন বললেন, ‘ভাই, যাদের ন্যূনতম কমিটমেন্ট নেই তাদের নিয়ে লেখা বন্ধ করুন।’ রাগে-ক্ষোভে আরেকজন বললেন, ‘ভাই, কী খেলল দেখলেন তো? কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রতিটি টাকার হিসাব নেওয়া উচিত।’ পর পরই আরেকজন সাকিবদের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিলেন, ‘হারলে সমস্যা নেই। আমরা এখনো সাকিবদের সঙ্গে আছি। কিন্তু ভাই, প্লিজ ওদের আরেকটু দায়িত্বশীল হতে বলুন। এমন পর্যুদস্ত হওয়া দেখতে চাই না।’কেবল টেলিফোনেই নয়, ব্লগেও সমানে সাকিবদের ওপর রাগ ঝেড়েছেন সমর্থকেরা। ব্লগে এক সমর্থক সাকিবদের বেতন কমিয়ে শাস্তির দাবি জানিয়েছেন, ‘স্কুলে শিক্ষকেরা শাস্তি দিলে ছাত্ররা ভালো করে, সাকিবদেরও শাস্তি দিলে ওরা ভালো করবে।’ একজন নাম ধরেই বলে দিলেন, ‘সবচেয়ে বড় শাস্তিটা হওয়া উচিত আশরাফুলের। পাঁচ-ছয় উইকেট পড়ে যাওয়ার পর ওর ওরকম দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করা উচিত হয়নি।’টিকিট না পাওয়া অবশ্যই হতাশার, কিন্তু এক সমর্থকের কাছে এটিই শাপেবর হয়েছে, ‘ভাগ্যিস, এই ম্যাচের টিকিট পাইনি। পেলে কী যে তো? মাঠে নিজেই নিজেকে থাপ্পড় মারতাম।’ আরেকজন লিখেছেন, ‘বনের বাঘ বনে পাঠানো হোক, সোনারগাঁও-শেরাটনে রেখে লাভ কী!’ খেলা শেষে টিম বাসে ঢিল ছোড়া নিয়েও সমর্থকেরা ফোন করেছেন, লিখেছেন ব্লগে। ফোনে একজন বলেছেন, ‘ভাই, পাবলিক আসলে ওয়েস্ট ইন্ডিজের বাসে ঢিল ছোড়েনি, মেরেছে টাইগারদের। ভুলে লেগেছে ওয়েস্ট ইন্ডিজের বাসে।’ এ ঘটনার জন্য একজন ক্ষোভ ঝাড়লেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর, ‘বিশ্বকাপের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নাকি শত কোটি টাকা খরচ করা হয়েছে। অথচ তার ছিটেফোঁটাও দেখলাম না। এত র্যাব-পুলিশের মধ্যে মানুষ কীভাবে ঢিল ছুড়তে পারল?’ভালো না খেলায় সাকিবদের ওপর অনেকে যেমন ক্ষুব্ধ, তেমনি অনেকেই সাকিবদের আগলে রাখারও চেষ্টা করেছেন। এক সমর্থক শুক্রবার রাতেই ফোনে বলেছেন, ‘এখনো বিশ্বকাপ শেষ হয়ে যায়নি। সাকিবদের মনোবল ভেঙে যায়, প্লিজ এমন কিছু লিখবেন না।’ ব্লগে লিখেছেন একজন, ‘দোষ সাকিবদের না, দোষ আমাদের। পাবলিকের প্রত্যাশার চাপেই সাকিবরা ভেঙে পড়েছে। খেলোয়াড়েরা যতটা না হতাশ করেছে, তার চেয়ে বেশি হতাশ করেছে মানুষের আচরণ।’আসলে দেশের বেশির ভাগ মানুষই সাকিব-তামিমদের পাশে আছে। ওরা জিতলে সমর্থকেরা উচ্ছ্বাসে ভেসে যায়, তেমনি হারলেও দুঃখ ভাগাভাগি করার চেষ্টা করে। নইলে কি ওয়েস্ট ইন্ডিজের কাছে বিধ্বস্ত হওয়ার পরও টিম হোটেলে সাকিবরা সমর্থকদের শুভেচ্ছা ও সমর্থনের ফুল পান?