কাঁটাতারের বেড়া সরানোর দাবি বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে আরাকান সীমান্তে জিরো লাইনের ভেতরে মিয়ানমার যে কাঁটাতারের বেড়া তৈরি করেছে, তা সরিয়ে নিতে বলেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার কক্সবাজার শহরে দুই দেশের উচ্চপর্যায়ের (সেক্টর কমান্ডার পর্যায়ের) সীমান্তরক্ষীদের সীমান্ত সম্মেলনে বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এই দাবি তুলে ধরে।সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে বিজিবি চট্টগ্রাম সেক্টরের কমান্ডার (ভারপ্রাপ্ত) লে. কর্নেল আবদুর রউফ সাংবাদিকদের বলেন, সম্মেলনে দুই দেশের সীমান্তসংক্রান্ত বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলা ১১টায় শহরের সমুদ্রসৈকত-সংলগ্ন হোটেল সি প্যালেসের সম্মেলন কক্ষে দুই দেশের সীমান্তরক্ষী বিজিবি ও নাসাকার মধ্যে সম্মেলন শুরু হয়। সম্মেলনে ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবি চট্টগ্রাম সেক্টরের কমান্ডার (ভারপ্রাপ্ত) লে. কর্নেল আবদুর রউফ। আর মিয়ানমারের ১৭ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেদেশের নাসাকার মংড়ু বর্ডার ইমিগ্রেশন হেডকোয়ার্টারের পরিচালক ইউ ও জি।সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্মেলনে বাংলাদেশের পক্ষে মিয়ানমারের নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ বন্ধ, সীমান্তের জিরো লাইন থেকে ১৫০ গজের বাইরে কাঁটাতারের বেড়া সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়। এ ছাড়া কক্সবাজার কারাগারে আটক সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়া মিয়ানমারের ৫৫ জন বন্দীকে ফিরিয়ে নেওয়া এবং মিয়ানমারে আটক বাংলাদেশি জেলেদের মুক্তি, নাফ নদ ও সাগরে নাসাকা কর্তৃক জেলেদের অপহরণ ও লুটপাট বন্ধের দাবি করা হয়।জবাবে নাসাকা বলেছে, আন্তর্জাতিক নিয়ম মেনে মিয়ানমার সীমান্তের জিরো লাইনের ১৫০ গজের বাইরে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। এর সত্যতা প্রমাণের জন্য প্রয়োজনে বিজিবি-নাসাকা যৌথ জরিপ চালাতে পারে।