কাঁটাবন মসজিদ শিবিরের দখলমুক্তির দাবিতে ছয় ছাত্র সংগঠনের স্মারকলিপি
কাঁটাবন মসজিদ কমপ্লেক্স ‘শিবির সন্ত্রাসীদের’ কবলমুক্ত করার দাবিতে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বামপন্থী ছাত্র সংগঠনের জোট ‘সন্ত্রাসবিরোধী ৬ ছাত্র সংগঠন’। একই দাবিতে তারা উপাচার্যকে স্মারকলিপিও দিয়েছে।আজ দুপুরে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জোটের উদ্যোগে মধুর ক্যানটিন থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র আন্দোলনের সভাপতি কনক বড়ুয়া।সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের জায়গা দখল করে গড়ে ওঠা কাঁটাবন মসজিদকে কেন্দ্র করে শিবির সন্ত্রাসীরা অস্ত্রভান্ডার এবং ট্রেনিং ক্যাম্প গড়ে তুলেছে। অবিলম্বে এই মসজিদ কমপ্লেক্স শিবিরের দখলমুক্ত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দিতে হবে।সমাবেশের পর নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।স্মারকলিপিতে উল্লিখিত অন্যান্য দাবির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও আবাসিক হলের মসজিদগুলোতে শিবিরের তত্পরতা বন্ধ, বিশ্ববিদ্যালয়ে কর্মরত জামায়াতপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণ। এ সময় উপাচার্য জোটের দাবি বিবেচনার আশ্বাস দেন।‘সন্ত্রাসবিরোধী ৬ ছাত্র সংগঠন’ নামের এই জোটে রয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), বাংলাদেশ ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্র সমিতি, জাতীয় ছাত্র ঐক্য এবং জাতীয় ছাত্র ফোরাম।