কাঁঠালবাগানে ক্ষতিগ্রস্ত ভবনের দেয়াল ভেঙে ফেলা হয়েছে
কাঁঠালবাগানের ধসে পড়া সাত তলা ভবন ভাঙার কাজ আজ শুক্রবারও পুরোদমে শুরু করা যায়নি। আজ সকাল থেকেই রাজউকের লোকজন পাশ্ববর্তী ১৬ তলা ভবনের ক্ষতিগ্রস্ত পাঁচ তলা ভাঙার কাজে ব্যস্ত ছিলেন। ৭ নভেম্বর কাঁঠালবাগানের সাত তলা ভবনটি হেলে পড়লে ১৬তলা ভবনের পাঁচ তলার দেয়ালে ফাটল ধরে। সকাল সাড়ে ১০টার দিকে রাজউক কাঁঠালবাগানে কাজ শুরু করে। শ্রমিকদের সাহায্যে ১৬ তলার বিধ্বস্ত পাঁচতলার ফাটল ধরা দেয়ালটি ভাঙতেই দুপুর গড়িয়ে যায়। জুমার নামাজের জন্য কিছু সময় বিরতি দেওয়া হয়। অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান বলেন, শ্রমিক এবং এলাকাবাসীর নিরাপত্তার দিক চিন্তা করে খুব সাবধানে এবং ধীরে ধীরে দেয়াল ভাঙার কাজ করতে হয়েছে। তিনি বলেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে মূল কাজে হাত দেওয়া হবে। দেয়াল সরানোর পর সেখান থেকে হেলে পড়া ভবনের ছাদে একটি সেতু তৈরি করার কাজ চলছিল আজ বিকেলে। খোপ খোপ আকৃতির সেতুর কাজ শেষ করার পর টাওয়ার ক্রেন দিয়ে সাত তলার ছাদ ফুটো করা হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের পরামর্শক্রমে রাজউক ভাঙার কাজ করছে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিশেষজ্ঞদের উপস্থিতিতেই রাজউকের শ্রমিকেরা পরীক্ষামূলকভাবে ধসে পড়া ভবনের পানির ট্যাংক ভাঙার কাজ করে। কাল শনিবার সকালে বুয়েটের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ভাঙার কাজ পুরোপুরি শুরু হতে পারে বলে রাজউকের অথরাইজড কর্মকর্তা জানান। ধসে পড়া ভবনের ফ্ল্যাট মালিকদের কয়েকজন আজও এলাকায় গেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফ্ল্যাট মালিক প্রথম আলোকে বলেন, তিনি একটি কোম্পানি থেকে ঋণ নিয়ে ফ্ল্যাটের মূল্যের বড় অংশ পরিশোধ করেছেন। তিনি বলেন, তাঁর ফ্ল্যাট নেই, অথচ ঋণের সুদের টাকা পরিশোধ করে যেতে হবে। উল্লেখ্য, হেলে পড়া ভবনটিতে মোট ২৭টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে জমির মালিক ১৪টি ও নির্মাতা প্রতিষ্ঠান ১৩টি ফ্ল্যাটের মালিক।নির্মাতা প্রতিষ্ঠান তাদের ভাগের সবকটি ও জমির মালিক একটি ফ্ল্যাট বিক্রি করেছেন। এর মধ্যে পাঁচটি ফ্ল্যাটের মালিক নির্মাতা প্রতিষ্ঠানকে পুরো টাকা দিয়ে ফ্ল্যাট রেজিস্ট্রি করে নিয়েছেন।